ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বিএনপি, এনসিপিসহ ২৫ দল ব্যয়ের হিসাব জমা দেয়নি

জাপা ব্যয় করেছে ৬০ ভাগের এক ভাগ

বিএনপি, এনসিপিসহ ২৫ দল ব্যয়ের হিসাব জমা দেয়নি
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৬ | ০৭:৫০ | আপডেট: ১৪ মে ২০২৬ | ০৯:৫৩

| প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫০টি রাজনৈতিক দলের মধ্যে অর্ধেকই তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি। দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ২৫টি দল। গতকাল বুধবার ছিল নির্বাচনী ব্যয় জমা দেওয়ার শেষ দিন।

নির্ধারিত সময় শেষে গতকাল ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, নির্বাচনী ব্যয় জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর চিন্তা করছে ইসি। ইসি সচিব আখতার আহমেদ এ প্রসঙ্গে জানান, আজ বৃহস্পতিবার কমিশনে নথি উপস্থাপন করা হবে। কমিশন সিদ্ধান্ত দিলে ব্যয় জমা দেওয়ার জন্য এক মাস সময় বাড়ানো হবে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বলছেন, ইসি চাইলে এই সময় বাড়াতে পারে। আবার সাধারণত নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা দিতে ব্যর্থ হলে দলগুলোও সময় বাড়ানোর আবেদন করে থাকে। তবে এখন পর্যন্ত কোনো দল সময় বাড়ানোর আবেদন করেনি।

ইসির গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ৯০ দিনের মধ্যে দলগুলোকে নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের পর ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করা হয়। এই হিসাবে গতকাল ছিল দলগুলোর হিসাব জমা দেওয়ার শেষ দিন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হিসাব জমা দেওয়ার শেষ দিন গত ১৩ মার্চ শেষ হয়েছিল। এরপর বেশ কয়েকজন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ এপ্রিল ইসির ১১তম কমিশন সভায় সিদ্ধান্ত নিয়ে এই সময়সীমা এক মাস বাড়ানো হয়।

জাপার ব্যয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা
সংসদ নির্বাচনে দলীয়ভাবে জাতীয় পার্টির (জাপা) ব্যয় হয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। গতকাল বুধবার ইসিতে এই ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে হিসাব জমা দেন দলের অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া। 

জাতীয় পার্টির হিসাবে দেখানো হয়, এবারের নির্বাচনে জাপার পক্ষ থেকে ১৯৬ প্রার্থী অংশ নেন। দলটি নির্বাচনী প্রচারণা বাবদ ৩ লাখ ২৫ হাজার টাকা এবং জনসভা বাবদ খরচ করেছে ১ লাখ ১৫ হাজার টাকা। আর কর্মীদের খরচ বাবদ ব্যয় হয়েছে ৬৫ হাজার টাকা।

আরপিও অনুযায়ী, ‘১০১ থেকে ২০০ আসনে প্রার্থী দিলে কোনো দল নির্বাচনে তিন কোটি টাকা পর্যন্ত ব্যয় করতে পারে।’ এই হিসাবে জাপা ৬০ ভাগের এক ভাগ ব্যয় করেছে। এর আগে গত মঙ্গলবার ব্যয়ের হিসাব জমা দেয় জামায়াতে ইসলামী। নির্বাচনে তারা ব্যয় দেখিয়েছে সাড়ে চার কোটি টাকা।

আরও পড়ুন

×