বিইউবিটিতে ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৯:৩৪ | আপডেট: ১৬ মে ২০২৬ | ২০:৫৩
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হয়েছে ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’র জাতীয় পর্ব। শনিবার আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে ছিল এআই কুইজ, এআই কোডিং কনটেস্টসহ বিভিন্ন প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা। অংশগ্রহণকারীরা প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যালেঞ্জে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। অভিভাবকদের জন্যও বিশেষ সেগমেন্টের আয়োজন করা হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন বর্তমান বিশ্বের অন্যতম চালিকাশক্তি। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের প্রযুক্তিখাতকে আরও এগিয়ে নিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুনশি মাহবুবুর রহমান এবং কম্পিউটার সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুষদের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি মুনির হাসান। সভাপতিত্ব করেন বিইউবিটির সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব।
মুনির হাসান বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম মেধায় ও সম্ভাবনায় কোনো অংশে পিছিয়ে নেই। এআই অলিম্পিয়াডের মতো প্ল্যাটফর্ম তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে কুইজ ক্যাটাগরিতে ১৪ জন এবং এআই চ্যালেঞ্জ ক্যাটাগরিতে ১৫ জন বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া প্রযুক্তি প্রতিষ্ঠান ‘জাদু পিসি’র পক্ষ থেকে এআই কনটেস্ট ক্যাটাগরির চ্যাম্পিয়নকে একটি বিশেষ কম্পিউটার উপহার দেওয়া হয়।
আয়োজক সংস্থা বিডিওএসএন জানায়, জাতীয় পর্বের বিজয়ীরা পরবর্তীতে কাজাখস্তানে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
এবারের আয়োজনের প্লাটিনাম স্পন্সর ও জাতীয় পর্বের হোস্ট ছিল বিইউবিটি। বিভিন্ন ক্যাটাগরির স্পনসর হিসেবে ছিল REVE Chat, ব্রেইন স্টেশন ২৩, মিলিয়ন এক্স বাংলাদেশ, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ও বিটনা। সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট (IIT-DU), দীপ্ত টিভি, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB), রকমারি ডট কম ও জাদুপিসি।
