ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সিএনএন ছাড়ছেন প্রধান আন্তর্জাতিক সংবাদ উপস্থাপক

সিএনএন ছাড়ছেন প্রধান আন্তর্জাতিক সংবাদ উপস্থাপক
×
×

ক্রিশ্চিয়ান আমানপুর। ছবি: রয়টার্স

রয়টার্স

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১০:১৬

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রধান আন্তর্জাতিক সংবাদ উপস্থাপক ক্রিস্টিয়ান আমানপুর আগামী বছরের জুনে প্রতিষ্ঠানটি ছাড়ছেন। ৪৩ বছর ধরে সিএনএনের সঙ্গে যুক্ত ৬৮ বছর বয়সী এই সাংবাদিক সোমবার তার সিদ্ধান্তের কথা জানান।

এক বিবৃতিতে আমানপুর বলেন, ‘মাসের পর মাস ভেবেচিন্তে এবং বেশ কয়েকটি নির্ঘুম রাত কাটিয়ে আমি সিএনএন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুর্দান্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার ৪৩ বছরের অংশীদারত্ব ছিল।’

২০০৯ সাল থেকে সিএনএন ইন্টারন্যাশনালে নিজের নামে রাতের সাক্ষাৎকার অনুষ্ঠান উপস্থাপনা করে আসছেন আমানপুর। ২০২৭ সালের জানুয়ারি থেকে অনুষ্ঠানটি সপ্তাহে এক দিন প্রচারিত হবে এবং মে মাসে এর সম্প্রচার শেষ হবে। তবে জুন পর্যন্ত তিনি সিএনএনের হয়ে বিশ্বজুড়ে ভ্রমণ ও সংবাদ সংগ্রহ চালিয়ে যাবেন। এ সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তরের কাজও সম্পন্ন করবেন।

অন্যদিকে, পিবিএসে তার উপস্থাপিত ‘আমানপুর অ্যান্ড কোম্পানি’ অনুষ্ঠানটি চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। তবে সাবেক স্বামী জেমি রুবিনের সঙ্গে গ্লোবালের প্রযোজনায় ‘দ্য এক্স ফাইলস’ পডকাস্ট চালিয়ে যাবেন তিনি।

নিজের দীর্ঘ সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণ করে আমানপুর বলেন, প্রথম উপসাগরীয় যুদ্ধের সংবাদ সংগ্রহ ছিল আমার প্রথম বড় অ্যাসাইনমেন্ট। এরপর বসনিয়ার যুদ্ধ, রুয়ান্ডা, আফগানিস্তান, ইউক্রেন ও ইরানের সংঘাত নিয়ে প্রতিবেদন করেছি। সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সত্য, প্রমাণ ও মানবতার সন্ধানে আমাদের সম্মিলিত প্রচেষ্টাই ছিল সবচেয়ে মূল্যবান।

ভবিষ্যতে নতুন ও আকর্ষণীয় কাজের অপেক্ষায় আছেন জানিয়ে আমানপুর বলেন, সিএনএনের স্বাধীন সাংবাদিকতার ইতিহাস অক্ষুণ্ন রাখতে আমি সব সময় প্রতিষ্ঠানটির পাশে থাকবো। মনে রাখবেন: সব সময় নিরপেক্ষ না থেকে সত্যবাদী হোন।

সিএনএনের চেয়ারম্যান মার্ক থম্পসন সহকর্মীদের পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় আমানপুরকে বিশ্বের অন্যতম বিশ্বস্ত ও প্রিয় সাংবাদিক হিসেবে অভিহিত করেন। তার বিদায়ে দুঃখ প্রকাশ করে থম্পসন বলেন, ব্যক্তিগত ও পেশাগত—দুই দিক থেকেই আমানপুরের জন্য এটিই সঠিক সময়। আগামী বছর তার বর্ণিল সাংবাদিকতা জীবন উদ্‌যাপনে বিশেষ আয়োজন করা হবে।

এদিকে, সম্প্রতি স্কাইড্যান্সের মালিকানায় এসেছে সিএনএন। চলতি মাসের শুরুতে স্কাইড্যান্স ১১০ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রোস ডিসকভারির অধিগ্রহণ সম্পন্ন করে। এর ফলে সিএনএন ও সিবিএস নিউজ একই মালিকানার অধীনে এসেছে। স্কাইড্যান্সের প্রধান নির্বাহী ডেভিড এলিসন সিবিএস নিউজের সংবাদ পরিবেশনা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। সংবাদ প্রচারণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুকূলে সাজানো হচ্ছে—এমন অভিযোগে আইনপ্রণেতারা তার সমালোচনা করেছেন।

সিএনএনের প্রধান মার্ক থম্পসন ও সিবিএস নিউজের এডিটর-ইন-চিফ বারি ওয়েইস নিজ নিজ পদে বহাল রয়েছেন। তারা দুজনই এলিসন ও সহ-প্রধান নির্বাহী ইনন ক্রেইজের কাছে জবাবদিহি করবেন।

আরও পড়ুন

×