ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দেশে প্রতি চারজনে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন

সোহরাওয়ার্দী মেডিকেলে সেমিনারে বক্তারা

দেশে প্রতি চারজনে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন
×

উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সেমিনার

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৭:৩৪ | আপডেট: ১৮ মে ২০২৬ | ১৭:৩৯

উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার শেষে সচেতনতামূলক একটি র‌্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। 

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওপর অনুষ্ঠিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের আহ্বায়ক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান। মেডিসিন সোসাইটির সদস্য সচিব ডা. জাকারিয়া আল আজিজ শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী উচ্চ রক্তচাপের ব্যাপারে সচেতনতার প্রয়োজনীয়তা এবং কীভাবে চিকিৎসকরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সেই ব্যাপারে আলোচনা করেন।

বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। প্রতি বছর প্রায় ১১ মিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপের কারণে মারা যায়। বাংলাদেশে প্রতি চারজনে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি উচ্চ রক্তচাপে ভুগছেন। কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ে মানুষ একদমই সচেতন নয়। বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের অর্ধেক জানেনই না যে, তারা উচ্চ রক্তচাপে ভুগছেন। উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১৭ মে উচ্চ রক্তচাপ দিবস হিসেবে পালন করা হয়। দিনটিতে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আহমাদ মনজুরুল আজিজ। আলোচনায় প্যানেল সদস্য হিসেবে মতামত দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মাদ, পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল আলম, মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাবুল হুদা চৌধুরী এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মনজুরুল হক। 

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আইনুল ইসলাম খান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অ্যানেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রেহান উদ্দিন খান, ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ আল ফারুক ও স্যেঁরভিয়ে বাংলাদেশ অপারেশন্স এর প্রধান নির্বাহী তোফাজ্জল হোসেন ভুঁইয়া। 
 

আরও পড়ুন

×