ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব 

সর্বদলীয় সংসদীয় ককাস গঠন নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের সঙ্গে বৈঠকে স্পিকার 

পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব 
×

মঙ্গলবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেন। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ২২:০৭

সমাজের পিছিয়ে পড়া মানুষের স্বার্থ রক্ষায় একটি সর্বদলীয় সংসদীয় ককাস গঠনে নাগারিক প্ল্যাটফর্মের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি এই জোট গঠনের প্রয়োজনীয় সংসদীয় প্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন। 

মঙ্গলবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেন। প্ল্যাটফর্মের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়। 

‘হাউস অব দ্য পিপল’ বা জনগণের সংসদ হিসেবে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করাকে জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে অভিহিত করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি উল্লেখ করেন, উন্নয়ন প্রক্রিয়ায় পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষায় সংসদে একটি সর্বদলীয় ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 

নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দল শিক্ষা, স্বাস্থ্য, বেসরকারি বিনিয়োগ এবং সুশাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করে। আলোচনায় উল্লেখ করা হয়, সমাজের একটি অংশ কেবল পিছিয়ে পড়েনি; বরং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোগত কারণে তাদের ‘পিছিয়ে রাখা’ হয়েছে। তাই নীতিনির্ধারণী পর্যায়ে বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বৈঠকে নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কোর গ্রুপ সদস্য রাশেদা কে চৌধুরী, ড. মুশতাক রাজা চৌধুরী, শাহীন আনাম, ড. ইফতেখারুজ্জামান, অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং সৈয়দ নাসিম মঞ্জুর। এ ছাড়া উপস্থিত ছিলেন নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক আনিসাতুল ফাতেমা ইউসুফ, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান, নাগরিক প্ল্যাটফর্মের নেটওয়ার্ক ফোকাল পয়েন্ট তারান্নুম জিনান, সিপিডির সংলাপ সহযোগী মো. রিফাত বিন আওলাদ। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×