ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতীয় কবির জন্মবার্ষিকী

নজরুল পুরস্কার পেলেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পেলেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা
×

রশিদুন নবী, ফাতেমা তুজ জোহরা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ০৮:০৫

| প্রিন্ট সংস্করণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রবর্তিত ‘নজরুল পুরস্কার ২০২৬’ পেলেন গবেষক ও শিক্ষাবিদ রশিদুন নবী এবং নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা। গতকাল শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি।

অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননাপত্র, ক্রেস্ট ও অর্থমূল্যের চেক তুলে দেন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে রশিদুন নবী বলেন, নজরুলের জীবন ও সৃষ্টি ঘিরে দীর্ঘ গবেষণার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা আমার জন্য বিশেষ প্রেরণার। 
ফাতেমা তুজ জোহরা বলেন, নজরুলের নামে পুরস্কার পাওয়া একজন শিল্পীর জীবনে বিরল সৌভাগ্যের বিষয়।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরা বলেন, সাহিত্য, সংগীত, সাংবাদিকতা–সব ক্ষেত্রেই নজরুল ছিলেন  অগ্রসর। তাঁর সম্পাদিত ধূমকেতু, গণবাণী ও লাঙল পত্রিকা ছিল পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদের মশাল।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও প্রাবন্ধিক ড. ইসরাইল খান। তিনি বলেন, নজরুল সংবাদপত্রকে মানুষের চেতনা জাগানোর শিল্পমাধ্যমে রূপ দিয়েছিলেন। আলোচনায় অংশ নেন কবি ও সম্পাদক আবদুল হাই শিকদার, কবি মজিদ মাহমুদ।  

ডিআরইউতে নজরুলের জন্মবার্ষিকী উদযাপন
রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জিয়া শিশু কিশোর মেলা। আলোচনা সভায় অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
আলোচনায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরের পাশে ‘নজরুল চত্বর’ নামে একটি স্থায়ী সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার উদ্যোগের কথা ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, এই চত্বরে একটি সমৃদ্ধ পাঠাগার গড়ে তোলা হবে, যেখানে নজরুলের সাহিত্য, গান, নাটক, প্রবন্ধ এবং জীবন ও কর্ম সম্পর্কিত বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকবে। গবেষক ও শিক্ষার্থীদের জন্য অধ্যয়ন ও গবেষণার সুযোগ রাখা হবে।

আরও পড়ুন

×