ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু

পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে সময় বাড়ল

পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে সময় বাড়ল
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১২:৪৮ | আপডেট: ৩০ মে ২০২৬ | ১৩:১০

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে। ফলে শনিবার নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার বিভিন্ন দিক আরও গভীরভাবে পর্যালোচনার জন্য তদন্ত কমিটি অতিরিক্ত সময় চেয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে।

তিনি জানান, হাসপাতালে অবস্থানরত সন্তানহারা কয়েকজন মায়ের বক্তব্য এখনো নেওয়া সম্ভব হয়নি। তাদের বক্তব্য সংগ্রহ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করা হবে। এ কারণে শনিবার প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এক মায়ের অনুরোধে দুই ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ রাখা হয়েছিল। রাত ২টা থেকে ৪টা পর্যন্ত ওই ইউনিটে কোনো বিকল্প বায়ু চলাচলের ব্যবস্থা ছিল না। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, তদন্ত কমিটি একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ প্রতিবেদন তৈরির লক্ষ্যে কাজ করছে। আগামী ৩ জুনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের চিহ্নিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। এদিকে নিহত শিশুদের পরিবার এবং সাধারণ মানুষের পক্ষ থেকে দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে।

আরও পড়ুন

×