ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সব পত্রিকা মনের মাধুরী মিশিয়ে নিউজ করে

সব পত্রিকা মনের মাধুরী মিশিয়ে নিউজ করে
×

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ০৭:৫০

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে পত্রিকাগুলো মনের মাধুরী মিশিয়ে নিউজ করে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ অভিযোগ করেন।

প্রধানমন্ত্রী প্রথম কোন দেশে সফর করবেন– এমন প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘সব পত্রিকা আপন মনের মাধুরী মিশিয়ে নিউজ করে, আপনারাও করেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অফিসিয়াল স্টেটমেন্ট না যাচ্ছে বা প্রাইম মিনিস্টার অফিস থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর সফরের ব্যাপারে আমার মনে হয় না কোনো নিউজ আপনাদের সিরিয়াসলি নেওয়া উচিত। আর আমারও মনে হয় না, এ নিয়ে কমেন্ট করা উচিত। আপনারা অপেক্ষা করেন। প্রধানমন্ত্রীর সফর যখন হবে, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অবশ্যই তাঁর প্রেস উইং অফিসিয়ালি জানাবে। সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে।’

তিনি বলেন, বহু দেশ থেকে আমন্ত্রণপত্র এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর নিয়ে। এখন এটি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, কোন সময়ে কোন দেশ দিয়ে তিনি সফর শুরু করবেন। অনেক দেশ থেকেই দাওয়াত এসেছে, সব দেশেই তিনি যাবেন। সম্পর্ক সব দেশের সঙ্গে সুদৃঢ় করতে হবে। প্রধানমন্ত্রী এটার সিদ্ধান্ত নেবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পূর্ণকালীন দায়িত্ব পালন করতে গেলে পররাষ্ট্র মন্ত্রণালয় কে সামলাবে– এই প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, ‘আমি আগেই বলেছি যে, অবশ্যই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যদি ডেডিকেটেডলি তাঁর এই কাজটি করতে হয়, তাহলে তাঁকে সময়টা দিতেই হবে ওখানে। তার মানে এই নয় যে, তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। কাজেই এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এবং আমি মনে করি, তাদের দুজনের সিদ্ধান্তে এটা হবে।’

পররাষ্ট্রমন্ত্রী এক বছরের ছুটি নেবেন কিনা– এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘সেটা তিনি সিদ্ধান্ত নেবেন। সেটা নিশ্চয় আপনারা জানবেন, কী সিদ্ধান্ত হয়।’
কাউকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে কিনা– এমন এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিষয়। তাঁর সুদৃঢ় নেতৃত্বে যখন আমরা এই বিজয়টা অর্জন করতে পেরেছি, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে চলবে, সেটাও তিনি সিদ্ধান্ত নেবেন, সমস্যা নেই।’
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিজয়কে ‘বাংলাদেশের সব মানুষের বিজয়’ হিসেবে বর্ণনা করেছেন তাঁর সহকর্মী শামা ওবায়েদ ইসলাম।
 

আরও পড়ুন

×