ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনে সেবা ব্যাহত, রোগীর ভোগান্তি
ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল ৮টার দিকে কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা - সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ০৮:১১
| প্রিন্ট সংস্করণ
ভাতা বৃদ্ধি, বেসরকারি প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা প্রদানসহ ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর কর্মবিরতি এবং ওয়ার্ড-ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করেছেন ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা। এর আগে দিনভর দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা।
গতকাল সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।
দিনভর ভোগান্তি
কর্মবিরতির দ্বিতীয় দিনে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবায় চাপ বেড়ে যায়। অনেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনুপস্থিতিতে ওয়ার্ডে চিকিৎসক সংকট দেখা দেয়। জরুরি সেবা সচল রাখতে জ্যেষ্ঠ ও মধ্যম পর্যায়ের চিকিৎসকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে দেখা যায়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ও প্রসূতিসেবায় সবচেয়ে বেশি চাপ পড়ে। আহত রোগীদের ড্রেসিং করাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। লেবার ওয়ার্ডেও ভোগান্তিতে পড়েন প্রসূতি নারীরা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনরা অভিযোগ করেন, বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেও রোগীরা কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ডে কোনো ইন্টার্ন চিকিৎসক দেখা যায়নি। সেখানে মধ্যম পর্যায়ের চিকিৎসকরা দায়িত্ব পালন করেন।
এর আগে রোববার ছয় দফা দাবিতে সারাদেশের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। তাদের সঙ্গে সংহতি জানিয়ে সোমবার কর্মবিরতিতে যোগ দেন পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরাও। একই সময়ে বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচিও চলছিল।
রাতে যৌথ বিবৃতিতে বলা হয়, এফসিপিএস পার্ট-১ এবং এমডি এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থী নিয়মিত মাসিক ভাতা পাবেন। পাশাপাশি নতুন পে স্কেল বাস্তবায়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের বর্তমান ভাতা আনুপাতিক হারে বাড়ানো হবে।
(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি)
- বিষয় :
- ভোগান্তি