বাজেট ২০২৬-২৭
তৃতীয় ভাষা জানা শিক্ষার্থীদের ঋণ দেবে সরকার
তৃতীয় ভাষা জানা শিক্ষার্থীদের ঋণ দেবে সরকার। প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৬:৩৯ | আপডেট: ১১ জুন ২০২৬ | ১৭:০০
বাংলা ও ইংরেজি ছাড়া তৃতীয় ভাষা জানা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী বলেন, শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে আছে জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ, জার্মান ইত্যাদি।
অর্থমন্ত্রী বলেন, তৃতীয় ভাষাজ্ঞান সম্পন্ন শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ভাষার দেশগুলোতে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হবে।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২৫-২৬ অর্থবছরে ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা ব্রেইন ড্রেইনকে ব্রেইন সার্কুলেশনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। বিদেশে বসবাসরত বৈশ্বিক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন উচ্চশিক্ষিত বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণ করা হবে। শক্তিশালী ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ, এপ্রেন্টিসশিপ ও ইন্টার্নশিপ সুবিধা এবং স্টার্টআপ চালুর মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হবে বলেও প্রস্তাবে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
