স্বাস্থ্য বাজেট বেড়ে দ্বিগুণ, উন্নত সেবার আশা ড্যাবের
ছবি : সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০৪:৪১
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় দ্বিগুণ করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির নেতারা বলেছেন, এ বরাদ্দ দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে ধন্যবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশ। এর আগের অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা, যা জিডিপির ০ দশমিক ৫৮ শতাংশ।
ড্যাবের নেতারা বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির এ সিদ্ধান্ত সরকারের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিফলন। তাদের মতে, এটি ভবিষ্যতে স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বরাদ্দ বৃদ্ধির পথে একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, বাড়তি বরাদ্দের ফলে সরকারি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণ, জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ বৃদ্ধি, চিকিৎসা শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ আরও সম্প্রসারিত হবে।
ড্যাব নেতারা আশা প্রকাশ করেন, এ বরাদ্দের মাধ্যমে ইউনিভার্সাল হেলথ কাভারেজ (ইউএইচসি) বাস্তবায়নের পথও আরও সুদৃঢ় হবে।
বিবৃতিতে ড্যাবের নেতারা আরও বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের চিকিৎসক সমাজ সরকারের ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নে ভবিষ্যতেও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করবে।
