চট্টগ্রাম-৪ আসন: আসলাম চৌধুরীর ফল প্রকাশের সিদ্ধান্ত ৩০ জুন
আসলাম চৌধুরী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ২১:৪৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা ও স্থগিত থাকা ফল প্রকাশ বিষয়ক শুনানি শেষ হয়েছে।আজ সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেছেন আগামী ৩০ জুন।
আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
ঋণখেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষদিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংক এশিয়ার করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তীতে আপিল বিভাগে আবেদন করে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল স্থগিত থাকার পাশাপাশি তা প্রকাশ করা যাবে না বলে আদেশ দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হন। তবে আদালতের সিদ্ধান্তের কারণে সরকারিভাবে ফল প্রকাশ করা হয়নি।
গত ১০ জুন আসলাম চৌধুরী প্রার্থিতা নিয়ে আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দিতে জ্যেষ্ঠ দুই আইনজীবীর নাম ঘোষণা করেন। সেই ধারাবাহিকতায় আজ তারা আদালতে মতামত দেন।
আদালতে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগী শুনানিতে অংশ নেন। জামায়াতের প্রার্থীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি করেন।
- বিষয় :
- চট্টগ্রাম
- বিএনপি
- আসলাম চৌধুরী
