ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

শিবির নেতা হত্যা ও এমপিপুত্রের মুক্তির বিষয়টি সংসদ তুলল জামায়াত

শিবির নেতা হত্যা ও এমপিপুত্রের মুক্তির বিষয়টি সংসদ তুলল জামায়াত
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৯:৪৭ | আপডেট: ২২ জুন ২০২৬ | ২০:০৯

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যা, চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্রকে মুচলেকায় ছেড়ে দেওয়ার বিষয়ে সংসদ আলোচনা চায় জামায়াতে ইসলামী।

দলটির হুইপ রফিকুল ইসলাম খান আজ সোমবার পয়েন্ট অব অর্ডারে বলেন, ‘ছাত্রদল, যুবদল নেতাকর্মীরা নির্মমভাবে সাইফুল্লাহ হত্যা করেছে। কিন্তু এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অথচ সুনির্দিষ্ট ব্যক্তিদের নামে মামলা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক খারাপ। অবিলম্বে এই খুনিদেরকে গ্রেপ্তারে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। খুনিরা কোন দলের না। খুনিরা খুনি, যে দলেরই হোক না কেন। তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

গাইবান্ধায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধে গত রোববার স্থানীয় বোনারপাড়া বাজারে সাইফুল্লাহ বারীকে প্রকাশ্যে হত্যা করা হয়। এ হত্যায় সম্পৃক্ততার অভিযোগে রোববার রাতেই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেসুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক খারাপ আখ্যা দিয়ে রফিকুল ইসলাম বলেন, সব সংবাদমাধ্যমে এ হত্যা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়াও বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম, চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্রকে মুচলেকায় মুক্তির খবর এসেছে গণমাধ্যমে।’

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এটা পয়েন্ট অব অর্ডার নয়। পয়েন্ট অব অর্ডার হচ্ছে সংসদের চলমান কোন বিষয়ের উপরে। তারপরও যদি মনে করেন গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে নোটিশ দেবেন ‘ 

মাগরিবের বিরতির পর জামায়াতের আরেক এমপি নজিবুর রহমান মোমেন আবার প্রসঙ্গটি তোলেন সংসদে। এ সময় স্পিকারের আসনে থাকা সভাপতিমন্ডলির সদস্য জয়নুল আবেদীনের উদ্দেশে তিনি বলেন, ‘শিবির নেতা হত্যা, মুচলেকায় এমপিপুত্রের মুক্তি নিয়ে সংসদে আলোচনার জন্য ৬৮ বিধিতে নোটিশ দিয়েছেন চাপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি নুরুল ইসলাম বুলবুল। তাতে সমর্থন করেছি। এই বিষয়ে আলোচনার বিষয়ে আপনার সদয় বিবেচনা আশা করছি।’ 

আরও পড়ুন

×