সংসদে মন্ত্রীরা না থাকায় বিরোধীদলের প্রশ্ন, স্পিকার বললেন- অর্থমন্ত্রী আছেন, শোকর করেন
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ২১:০৯ | আপডেট: ২২ জুন ২০২৬ | ২১:১২
সংসদের বাজেট আলোচনায় মন্ত্রীরা উপস্থিত না থাকায় ক্ষোভ জানিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলের সংসদ সদস্য (এমপি) সাইফুল আলম খান মিলন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে মন্ত্রীদের আরও বেশি উপস্থিতি নিশ্চিত করতে বলেন। তবে অর্থমন্ত্রী উপস্থিত থাকায় সংসদ সদস্যদের শোকর করতে বলেন।
পরে মন্ত্রীদের অনুপস্থিতির ব্যাখ্যা দেন চিফ হুইপ নুরুল ইসলাম। বিরোধীদলীয় নেতা ও উপনেতা সংসদে উপস্থিত না থাকায় সরকারি দলের একজন এমপি প্রশ্ন তোলেন।
আজ সোমবার স্পিকারের সভাপতিত্বে সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় ঢাকা-১২ আসনের জামায়াতের সাইফুল আলম বলেন, বাজেট অধিবেশনে অধিকাংশ সময় মন্ত্রীরা থাকেন না। স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেক মন্ত্রী নেই। মন্ত্রীদের চেয়ার সব খালি।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চাই। শোকর করেন যে অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে।
এরপর চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘অনেক মন্ত্রী রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তবে সংসদে তাদের উপস্থিত থাকা উচিত। বাস্তবতাটা হল অনেকে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন। তবে সংসদে তাদের আসা উচিত, আসলে ভালো হয়।’
এ সময় টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিরোধীদলের সমালোচনার জবাবে বলেন, ‘সংসদে বিরোধীদলের নেতা এবং উপনেতা দুইজনের কেউই নেই। তারাও যাতে ঠিকমতো থাকে।’
প্রতিমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার বলেন, ‘বিরোধীদলের নেতা না থাকলে অসুবিধা নেই। মন্ত্রীদের থাকা প্রয়োজন। তাদের সমস্যা তো মন্ত্রীদের পক্ষেই তারা বলবেন। তবুও সংসদের সৌন্দর্য রক্ষার্থে সকলেরই থাকা বাঞ্ছনীয়।’
