ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬

অপরিকল্পিত ঋণের কারণে দেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী

অপরিকল্পিত ঋণের কারণে দেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী
×

ছবি: সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ২৩:১৮

অদূরদর্শী উন্নয়ন ও অপরিকল্পিত ঋণের কারণে দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘বিগত সময়ে যে পরিমাণ ঋণ করা হয়েছে, তাতে যথাযথ আর্থিক পরিকল্পনা না নিলে ভবিষ্যতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়তে পারে।’

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সুনির্দিষ্ট ও টেকসই পরিকল্পনা ছাড়া কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনগণের ওপর অযৌক্তিক করের বোঝা না চাপিয়ে দেশকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিতে হবে। তবে যে কোনো বাজেট বা উন্নয়ন পরিকল্পনা সফল করতে সাধারণ মানুষ ও প্রশাসনের সমন্বয় জরুরি।

মতবিনিময় সভা শেষে সিরাজগঞ্জ শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে পৌরসভার কাছে ডাম্প ট্রাকসহ ছয়টি যানবাহন হস্তান্তর করা হয়। এ সময় নিজে পরিচ্ছন্নতার ট্রাকে ওঠার প্রসঙ্গে টুকু বলেন, ‘অনেকে হয়তো চায়ের দোকানে বসে এর সমালোচনা করবেন, কিন্তু কাউকে দেখানোর জন্য আমি ট্রাকে উঠিনি। ত্রিশ-চল্লিশ বছর আগে ভোরে উঠে দেখতাম পরিচ্ছন্নতাকর্মীরা গাড়ি নিয়ে রাস্তা ঝকঝকে করছেন। সেই স্মৃতি ও শহরের পরিচ্ছন্নতার প্রতি আন্তরিক উচ্ছ্বাস থেকেই আমি গাড়িটিতে উঠেছিলাম।’

সরকারি সম্পদের সঠিক ব্যবহারের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘পৌরসভার এসব গাড়ি ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। কারণ জনগণের অর্থেই এগুলো পরিচালিত হয়, জনগণই সরকারের প্রকৃত মালিক।’

এর আগে তিনি সিরাজগঞ্জব পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও আরসিসি সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌর প্রশাসক শাহাদৎ হোসাইন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

আরও পড়ুন

×