ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দয়াগঞ্জে মাদকবিরোধী অভিযান আটক ১৫ জনের কারাদণ্ড

দয়াগঞ্জে মাদকবিরোধী অভিযান আটক ১৫ জনের কারাদণ্ড
×
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০৮:৫২

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর দয়াগঞ্জে ঘুণ্টিঘর এলাকার মাদক স্পটে অভিযান চালিয়ে দুই নারীসহ ১৫ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৩ (এসআরবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল সোমবার বিকেলে গেণ্ডারিয়ার দয়াগঞ্জ রেললাইন ক্রসিংয়ের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের তিন মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। এই স্পটেই গত শনিবার অস্ত্র উঁচিয়ে অভিযান চালিয়ে সমালোচনার মুখে পদত্যাগ করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবির যৌথ দল গতকাল সোমবার বিকেলে অভিযান চালায়। অভিযানকালে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক সেবনের অস্থায়ী কাগজের ছাউনি ও ঝুপড়িগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তারা আরও জানান, সকাল থেকে রেললাইন-সংলগ্ন ঘুণ্টিঘর এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন চলছিল। বিকেলে এসআরবি-৩ ও ডিএনসির সদস্যরা ছদ্মবেশে অভিযান শুরু করেন। এ সময় সেখানে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। অনেকে দেয়াল টপকে পালিয়ে যায়। পরে মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত ১৫ জনকে আটক করা হয়। তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এই সাজা দেন আদালত।

ডিএনসি ঢাকা দক্ষিণের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘তারা সবাই ভাসমান। অভিযান পরিচালনা করলে এরা চলে যায়। আমরা যখন চলে যাই, তখন ওরা আবার আসে। এ জন্য এদের নির্মূল করা যায় না। জায়গাটিতে নিয়মিত কাউকে রাখতে পারলে সুফল পাওয়া যেত।’
এর আগে গত শনিবার এই স্পটে ব্যক্তিগত ও সহযোগীদের নিয়ে ‘মাদকবিরোধী অভিযান’ চালান ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সেখানে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে উপস্থিত লোকজনের দিকে তাঁর তেড়ে যাওয়ার চিত্র দেখা যায় ইশরাক হোসেনের ফেসবুক পেজে প্রকাশ করা একটি ভিডিওতে। ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে একজন প্রতিমন্ত্রীর এভাবে অস্ত্র প্রদর্শন করে অভিযানে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনাটি নিয়ে সরকার ও বিএনপির ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়।
দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে গত রোববার ইশরাক হোসেনকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক।

আরও পড়ুন

×