ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা 
×

ছবি: সমকাল

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ২২:২১

চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শুক্রবার মায়ের জানাজায় অংশ নেন পাবনা-৩ এলাকার সাবেক এমপি মকবুল হোসেনের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল।

রাসেল ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের গাড়িতে করে ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া মহল্লার নিজ বাড়িতে যান রাসেল। এরপর মায়ের জানাজায় অংশ নেন তিনি। জানাজায় ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর উপজেলাসহ বিভিন্ন এলাকার নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী অংশ নেন।

জানাজা শেষে তিনি পুলিশি পাহারায় পার ভাঙ্গুড়া কবরস্থানে যান। সেখানে মায়ের কবরে মাটি দিয়ে দোয়ায় অংশ নেন। শেষে পুলিশের গাড়িতে করে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয় তাঁকে।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেলের মা ও পাবনা-৩ আসনের সাবেক এমপি মকবুল হোসেনের স্ত্রী নুরজাহান রেখা। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় দেড় মাস আগে তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

এর আগে গত ২০ জুলাই রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সাবেক এমপিপুত্র রাসেল ও তাঁর সহযোগী বশিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভাঙ্গুড়া থানায় দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

সম্প্রতি মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন উল্লেখ করে আদালতে জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। পরে গত বুধবার একটি মামলায় জামিন পেলেও আরেকটিতে শোন অ্যারেস্ট দেখানোর কারণে তাঁর কারামুক্তি আটকে যায়।

মায়ের জানাজায় শেষবারের মতো অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েছিলেন রাসেল। পরে প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর হওয়ায় জানাজায় অংশ নেওয়ার সুযোগ পান তিনি।

আরও পড়ুন

×