ভারতের বদলি হিসেবে ‘আসিয়ান কাপে’ খেলার সম্ভাবনা বাংলাদেশের
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ২৩:০৬
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফিফা আসিয়ান কাপ’ থেকে ভারত নাম প্রত্যাহার করে নিয়েছে। ফলে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ভারতের বদলে বাংলাদেশকে বিবেচনা করছে ফিফা।
ফিফার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশ নেবে—শুক্রবার বিকেলে এক জরুরি অনলাইন সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটি। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ফিফা বাংলাদেশের অবস্থান জানতে চাওয়ার পর বাফুফে আজই তাদের ইতিবাচক মত জানিয়ে দিয়েছে।
গত বছর ফিফা আরব কাপের আদলে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়। আসিয়ানভুক্ত ১১টি দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এশিয়ান কাপের প্রস্তুতির লক্ষ্যে প্রীতি ম্যাচ খেলতে ভারত নাম সরিয়ে নেওয়ায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাম আলোচনায় আসে। এর আগে ১৬ দিনের এই উইন্ডোতে দেশে চার জাতি বা কাজাখস্তানে তিন জাতির টুর্নামেন্ট খেলার পরিকল্পনা করছিল বাফুফে।
টুর্নামেন্টে মোট ১৪টি দল দুটি ডিভিশনে ভাগ হয়ে খেলবে। প্রিমিয়ার ডিভিশনের ৮টি দলের লড়াই হবে ইন্দোনেশিয়ায়। প্রিমিয়ার ডিভিশনে স্বাগতিকদের সঙ্গে আছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পাকিস্তান। ফিফার চূড়ান্ত আমন্ত্রণ পেলে বাংলাদেশ এই ডিভিশনের ‘এ’ গ্রুপে খেলার সুযোগ পাবে।
অন্যদিকে, চ্যালেঞ্জ ডিভিশনের ৬টি দলের খেলা হবে হংকংয়ে। এ ডিভিশনে স্বাগতিকদের পাশাপাশি খেলবে মিয়ানমার, কম্বোডিয়া, লাওস, ব্রুনেই ও পূর্ব তিমুর।
প্রতিটি ডিভিশনে দুটি করে গ্রুপ থাকবে এবং শীর্ষ পয়েন্টধারী দুই দল নিজ ডিভিশনের ফাইনালে লড়বে।
চূড়ান্ত আমন্ত্রণ পেলে প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে জামাল ভূঁইয়াদের লড়তে হবে নিজেদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী প্রতিপক্ষের সাথে। এই গ্রুপে বাংলাদেশের (১৮১) সঙ্গী হবে স্বাগতিক ইন্দোনেশিয়া (১১৮), মালয়েশিয়া (১৩৬) ও সিঙ্গাপুর (১৪৮)।