ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সিএনজি চালককে অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

সিএনজি চালককে অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
×

ছবি: সংগৃহীত

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ২৩:৪২

বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে রফিকুল ইসলাম নামে সিএনজিচালিত এক রিকশাচালককে অপহরণ করে মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। অভিযোগ পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় রফিকুলের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় ৬ জনের নামে মামলা দায়ের করেছেন।

রফিকুল ইসলাম বগুড়া মহানগরীর ছিলিমপুর এলাকার বাসিন্দা। উদ্ধারের পর তাঁকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রফিকুলের স্ত্রী হাজেরা বেগম জানান, তাঁর স্বামী একজন অটোরিকশাচালক। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুর্বৃত্তরা তাঁকে সিএনজিসহ অপহরণ করে একটি বাসায় আটকে রাখে। এরপর মোবাইল ফোনে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তিনি বিষয়টি ডিবি অফিসে গিয়ে জানান। ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিক তাঁর স্বামীকে উদ্ধারে নেমে পড়ে। একপর্যায়ে বগুড়া মহানগরের পুরান বগুড়া শেরে বাংলা এলাকার জনৈক মেহেদী হাসান সিহাবের বাড়ির দোতলা থেকে তাঁকে অক্ষত উদ্ধার করা হয়। সেখান থেকে পুলিশ অপহরণকারী চক্রের সদস্য সজিব আহম্মেদ, লজিম প্রামানিক ও মামুন শেখকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, অপহরণ চক্রের সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান চলছে।

আরও পড়ুন

×