সংসদে আক্তারুজ্জামান বাচ্চু
জুলাই চেতনা বিক্রি করে অনেকে প্রাডোতে চড়ে
আক্তারুজ্জামান বাচ্চু। ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১৬:৩৫
বিরোধীদলের অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন বলে অভিযোগ করে বিএনপির সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, যারা জুলাই চেতনা বিক্রি করেন, তাদের অনেকেই আগে রিকশায় চড়তেন, এখন প্রাডোতে চড়েন। তিনি বলেন, আমরা জুলাই যুদ্ধ করেছি। আমি নিজেও করেছি। আমাদের সন্তানেরা করেছেন। আমরা জুলাই চেতনা বিক্রি করি না। আমরা জুলাইকে ধারণ করি।
বৃহস্পতিবার সংসদে স্পিকারের হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেটের ওপর আলোচনায় ময়মনসিংহ-১০ আসনের এই এমপি বলেন, যারা এই জুলাই চেতনা বিক্রি করেন, আমি অনুরোধ করব উনারা আগে কিসে চড়তেন, এখন কিসে চড়েন? কোন বাসায় থাকেন একটু লাইভ করলে এই জাতি দেখত। উনারা আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কী রকম হয়েছে।
আক্তারুজ্জামান বলেন, বাজেটে ৬০ নিত্যপণ্যের ওপর কর কমানো হয়েছে। মাত্র কয়েকটি জিনিসের দাম বেড়েছে। এর মধ্যে রয়েছে রয়েছে সিগারেট, মদ। আর বিরোধীদলের বন্ধুরা সাধারণ মানুষের গ্রহণ করা এই বাজেটকে চানাচুর বলছেন। চানাচুর বাচ্চারা খায়। আবার বড়রাও খায়, কখন? অন্য কিছু খাওয়ার পরে নাকি চানাচুর খায়। সেজন্য মন খারাপ কি না জানি না।
বাজেট আলোচনায় বিএনপির আরেক এমপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, তিন প্রজন্মকে আঘাত করেছে তারা। প্রথমে নিরাপদ সড়ক, তারপর কোটা এবং পরে হাসিনার খেদাও আন্দোলন। এই তিন প্রজন্ম আগামী ৫০ বছর জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের বোধহয় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।
ভোলা-২ আসনের বিএনপি দলীয় এমপি হাফিজ ইব্রাহিম বলেন, নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততায় ভোলার বহু পরিবার বসতভিটা ও জীবিকার উৎস হারাচ্ছে।
ফরিদপুর-৩ আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফ কুটির শিল্পকে সংগঠিতভাবে বাজারজাত করার জন্য একটি কুটির শিল্প বাণিজ্য মেলার প্রস্তাব করেন তিনি। ফরিদপুরে পাট উৎপাদনের কথা তুলে ধরে তিনি বলেন, কাঁচা পাট রপ্তানি না করে দেশে ফিনিশড প্রোডাক্ট তৈরি করে রপ্তানি করলে কর্মসংস্থান ও রাজস্ব আয় বাড়বে।
বগুড়া-৭ আসনের বিএনপি দলীয় এমপি মোরশেদ মিল্টন প্রস্তাবিত বাজেটকে ‘ভবিষ্যৎমুখী’ ও ‘ঐতিহাসিক’ আখ্যা দেন। তিনি বগুড়া, গাবতলী ও শাজাহানপুরের উন্নয়ন, দ্বিতীয় যমুনা সেতু এবং উত্তরাঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থানের দাবি জানান।
রাজবাড়ী-২ আসনের সরকারদলীয় এমপি হারুনুর রশিদ বলেন, পদ্মা ব্যারেজকে ‘সিগনেচার প্রজেক্ট’ হবে।
ময়মনসিংহ-১১ আসনের ফখরুদ্দিন আহমেদ বাজেটকে ‘কল্যাণমুখী, গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক’ বলে সমর্থন জানান।
ফেনী-২ আসনের জয়নাল আবেদিন বাজেটে সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, প্রবাসী কল্যাণ ও মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির প্রশংসা করেন।
- বিষয় :
- জুলাই আন্দোলন
- রিকশা
- লাইফস্টাইল
