দেশের নদীর সংখ্যা ১৪১৫, অবৈধ দখলদার ২১ হাজার ৯৮৮: সংসদে নৌপরিবহনমন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১৭:১৫
দেশে মোট নদ-নদীর সংখ্যা এক হাজার ৪১৫টি। নৌপরিবহন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, জাতীয় নদী রক্ষা কমিশন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও নদীকর্মীদের সহায়তায় প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী এই নদ-নদীর সংখ্যা নিরূপণ করা হয়েছে। বৃহস্পতিবার সংসদে এই তথ্য জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও জানান, দেশের নদ-নদীতে মোট অবৈধ দখলদারের সংখ্যা ২১ হাজার ৯৮৮।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপন করা হয়। ময়মনসিংহ-৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. কামরুল হাসানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নদীর এই তালিকাটি ২০২৫ সালের ১৪ এপ্রিল পানিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং জাতীয় নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘নদীর স্বার্থরক্ষা এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩’ সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রস্তাবিত আইনে নদ-নদী দখল ও দূষণকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা, পৃথক নদী আদালত প্রতিষ্ঠা, নদী দখল সংশ্লিষ্ট অভিযোগের তদন্ত ও অনুসন্ধান, দূষণের ক্ষতিপূরণ নির্ধারণ ও আদায়, মামলা দায়ের এবং তা তদারকির বিধান রাখা হয়েছে।’
মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী বলেন, জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক দেশের নদ-নদীর অবৈধ দখলদারের তালিকা হালনাগাদ করা হয়েছে। ২০২৫ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে নদ-নদীতে মোট ২১ হাজার ৯৮৮ জন অবৈধ দখলদার রয়েছে। এই তালিকা যাচাই-বাছাই করে ওয়েবসাইটে প্রকাশ এবং অবৈধ দখলদার উচ্ছেদের কর্মপরিকল্পনা পাঠানোর জন্য সব জেলা প্রশাসককে (ডিসি) অনুরোধ জানানো হয়েছে। উচ্ছেদযোগ্য তালিকা পাওয়ার পর উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী জানান, নৌপথের নাব্যতা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে প্রতিবছর নিয়মিত সংরক্ষণ ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা হয়। বর্তমানে শুষ্ক মৌসুমে নাব্য নৌপথের দৈর্ঘ্য ৬ হাজার ২০০ কিলোমিটার এবং বর্ষা মৌসুমে নাব্য নৌপথের দৈর্ঘ্য ৮ হাজার কিলোমিটার।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ব্যক্তিপর্যায়ের উদ্যোক্তাদের মাধ্যমে যাত্রীবাহী লঞ্চবহরে আগের যেকোনো সময়ের তুলনায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বড় আকারের লঞ্চ যুক্ত করা হয়েছে। এর ফলে দুর্ঘটনার সংখ্যা অনেক কমে এসেছে।
- বিষয় :
- সংসদ
- নদী
- নৌপরিবহন মন্ত্রী
