ডেসটিনির রফিকুল আমীনকে দুদকে জিজ্ঞাসাবাদ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ০৮:৩৪
| প্রিন্ট সংস্করণ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডেসটিনি-২০০০ লিমিটেডের সাবেক এমডি রফিকুল আমীনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে একই প্রতিষ্ঠানের সাবেক দুই পরিচালককে দুদকে ডাকা হলে তারাও যথাসময়ে হাজির হননি।
গতকাল সোমবার ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে রফিকুল আমীনকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান।
একই অভিযোগে দুদকের উপসহকারী পরিচালক মো. নাহিদ ইমরান স্বাক্ষরিত চিঠিতে ডেসটিনি-২০০০ লিমিটেডের সাবেক পরিচালক শেখ তৈয়েবুর রহমানকে গতকাল জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তিনি যথাসময়ে হাজির হননি। প্রতিষ্ঠানের সাবেক পরিচালক মোহাম্মদ গোফরানুল হককে দুদকের উপসহকারী পরিচালক মো. আবু তালহা স্বাক্ষরিত চিঠিতে জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার ডাকা হলে তিনিও হাজির হননি।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গতকাল সাংবাদিকদের জানান, ডেসটিনি-২০০০ লিমিটেডের সাবেক ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। তাদের মধ্যে রফিকুল আমীন গতকাল দুদকে হাজির হয়ে তাঁর বক্তব্য দিয়েছেন। বাকি দুজন হাজির হননি। অনুসন্ধান কর্মকর্তারা পরে দুদক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
সূত্র জানায়, রফিকুল আমীনসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এর আগে অধিক লাভের প্রলোভন দেখিয়ে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি ট্রি প্ল্যানটেশন লিমিটেডের গ্রাহকের থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমীনসহ ২২ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছিল দুদক। আদালতে মামলা দুটির রায়ে রফিকুল আমীনের ১২ বছরের সাজা হয়। পরে তাঁকে ২০১২ সালের অক্টোবরে গ্রেপ্তার করা হয়। তিনি কারাগার থেকে মুক্ত হন গত বছরের ১৫ জানুয়ারি।
- বিষয় :
- ডেসটিনি
