নিরাপদ খাদ্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান
বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৮:২৯ | আপডেট: ০৭ জুলাই ২০২৬ | ১১:৩৪
| প্রিন্ট সংস্করণ
নিরাপদ খাদ্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে সদস্য করে এ কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, সিটি করপোরেশনসহ মাঠ পর্যায়ে ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় এ নির্দেশনা দেন তিনি।
নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের এই কমিটি গঠন করেন বলে জানিয়েছেন তাঁর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)। তিনি জানান, সভায় প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করা এবং প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয়তা সাপেক্ষে দ্রুত সমাধানযোগ্য এবং দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সভায় প্রধানমন্ত্রীর কাছে ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআইর কর্মকর্তারা নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বিশেষ করে জেলা পর্যায়ে জনবল বাড়ানো, উন্নতমানের ল্যাবরেটরি স্থাপন, মাঠ পর্যায়ে কাজ করার জন্য আধুনিক সরঞ্জামসহ সিন্ডিকেট ও প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে মোবাইল কোর্টের ক্ষমতা বাড়ানোর দাবি জানান তারা।
উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তাদের সংকটের কথাগুলো শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সভায় জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে গুলশান লেকের ব্যবস্থাপনার উদাহরণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের অনেক লেকই আবর্জনায় ভরে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এসব আবর্জনা সমাজের শিক্ষিত মানুষরাই ফেলছেন। যাদের সচেতন হওয়ার কথা, অনেক সময় তারাই সচেতন হন না। দেশকে পরিবর্তন করতে হলে শুধু সরকারের উদ্যোগ নয়; নাগরিকদেরও সদিচ্ছা ও দায়িত্বশীলতা প্রয়োজন। সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।’
সভায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, বাণিজ্য সচিব আতাউর রহমান খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএসটিআইর মহাপরিচালক কাজী ইমদাদুল হক উপস্থিত ছিলেন।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- নিরাপদ খাদ্য