ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
×

কয়েক দিনের ভারী বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে চট্টগ্রামের কয়েক জেলায়। তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ ও রাস্তাঘাট। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানি সংকট। আজ শনিবার বাঁশখালীর শেখারখালী এলাকা থেকে তোলা। ছবি: মো. রাশেদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৮:৩৪ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ১৮:৪৬

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাহদী আমিন আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সমস্ত কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে মিটিং করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে তার নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বানদরবান ও খাগড়াছড়ি।

আরও পড়ুন

×