ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: আমিনুল হক

খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: আমিনুল হক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ১৭:৫৬ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ১৮:০৪

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, খেলাধুলা শুধু পদক জয়ের প্রতিযোগিতা নয়; এটি সীমান্ত, ভাষা ও সংস্কৃতির বিভেদ অতিক্রম করে মানুষে মানুষে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার অন্যতম শক্তিশালী মাধ্যম।

শনিবার সকালে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব–২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার এমন এক অনন্য শক্তি রয়েছে, যা সব ধরনের সীমারেখা অতিক্রম করে মানুষকে একত্রিত করতে পারে। তিনি বলেন, ৭০০–এর বেশি অ্যাথলেট ও কর্মকর্তার অংশগ্রহণ প্রমাণ করে, খেলাধুলা কেবল প্রতিযোগিতার ক্ষেত্র নয়; এটি শান্তি, বন্ধুত্ব ও আঞ্চলিক সহযোগিতারও একটি কার্যকর মাধ্যম।

তিনি বলেন, বাংলাদেশের জন্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন শুধু একটি প্রশাসনিক সাফল্য নয়, বরং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংহতি ও পারস্পরিক আস্থার প্রতি বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন। অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির বন্ধনে আবদ্ধ এ অঞ্চলের তরুণদের একই মঞ্চে এনে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্মিলিত অগ্রগতির ভিত্তি আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে।

সরকারের ক্রীড়া উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে আমিনুল হক বলেন, যুব উন্নয়নকে জাতীয় অগ্রগতির অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো নির্মাণ, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে। আন্তর্জাতিক মানের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনে বাংলাদেশের অগ্রযাত্রারই প্রমাণ এই সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ।

তিনি বাংলাদেশ কারাতে ফেডারেশন ও আয়োজক কমিটিকে সফলভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য অভিনন্দন জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও স্বাগতিক বাংলাদেশের অংশগ্রহণকারী অ্যাথলেটদের স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি ক্রীড়াবিদ নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করলেও তারা সম্মিলিতভাবে দক্ষিণ এশিয়ার ঐক্য ও সম্প্রীতির দূত।

অ্যাথলেটদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মধ্য দিয়ে তারা এই পর্যায়ে পৌঁছেছেন। প্রতিযোগিতায় সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করার পাশাপাশি ক্রীড়াসুলভ আচরণ, পারস্পরিক সম্মান ও বিনয় বজায় রাখার আহ্বান জানান তিনি।

পরে আমিনুল হক আনুষ্ঠানিকভাবে ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।

আরও পড়ুন

×