এনআইডি ব্যবস্থাকে আরও স্বচ্ছ করা হচ্ছে: ইসি সানাউল্লাহ
সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি নিবন্ধন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ২৩:২০
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে দুর্নীতি ও অসাধু দালালচক্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সকলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
মঙ্গলবার সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সেবার আনুষ্ঠানিক উদ্বোধনকালে সানাউল্লাহ এসব কথা বলেন। এ সময় তিনজন প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট কার্ড হস্তান্তর করা হয়।
পরে নির্বাচন কমিশনার সানউল্লাহ প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এই উদ্যোগের মাধ্যমে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা দেশে না গিয়েই ভোটার ও এনআইডি নিবন্ধন সেবা গ্রহণের সুযোগ পাবেন বলে জানান এই নির্বাচন কমিশনার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ও বাণিজ্য কাউন্সিলর লুৎফুন নাহার। সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ হাইকমিশন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।