ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মতবিনিময়ে স্থানীয় সরকারমন্ত্রী

সমন্বিত উদ্যোগই টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে

সমন্বিত উদ্যোগই টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে
×

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ০২:৩৭ | আপডেট: ০৫ আগস্ট ২০২৬ | ০২:৩৭

সকল মন্ত্রণালয় ও সংস্থার সমন্বিত উদ্যোগই টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও অন্যান্য দূষণরোধে আয়োজিত মন্ত্রী পর্যায়ের মতবিনিময় সভায় এই মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘অপরিকল্পিত নগরায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, নদী ও জলাশয়ে বর্জ্য নিক্ষেপ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে। এসব সমস্যা মোকাবিলায় বিচ্ছিন্ন নয়, বরং পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; জনগণের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। ক্ষতিকর পলিথিন ব্যাগের ব্যবহার কমানো এবং বিকল্প পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

সভায় আরও অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×