উচ্চশিক্ষায় সার্কের সহযোগিতা চান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ১৬:১৫
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও একাডেমিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্কের গুরুত্ব তুলে ধরা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা প্রয়োজন।
অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, উচ্চশিক্ষা এখন বৈশ্বিক জ্ঞানবিনিময়, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরির অন্যতম প্রধান ভিত্তি। সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের, গবেষণানির্ভর ও দক্ষতাকেন্দ্রিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম চলছে। সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, একাডেমিক সেশন এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালু করা গেলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
সার্কের মহাসচিব গোলাম সারওয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংস্কার ও মানোন্নয়ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ একাডেমিক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও গবেষণা সহযোগিতা বাড়াতে সার্ক সচিবালয় প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।
বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সার্ক সচিবালয়ের মধ্যে ভবিষ্যতে সমঝোতা স্মারক (এমওইউ) সই, যৌথ গবেষণা উদ্যোগ, আন্তর্জাতিক সেমিনার আয়োজন এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে সার্কের গুরুত্ব প্রসঙ্গে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তি, আস্থা, পারস্পরিক সহযোগিতা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। আলোচনায় সার্ক ধারণার অন্যতম প্রবক্তা হিসেবে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাও উল্লেখ করা হয়।
- বিষয় :
- সার্ক
- গোলাম সারওয়ার
- জাতীয় বিশ্ববিদ্যালয়