স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সিরাজুল ইসলাম কখনো আপস করেননি: মির্জা ফখরুল
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ২০:৩৭ | আপডেট: ০৮ আগস্ট ২০২৬ | ২১:১৬
প্রয়াত কূটনীতিক ও রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম গণতন্ত্রের এক নির্ভীক কণ্ঠস্বর ছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সিরাজুল ইসলামের রাজনৈতিক ও রাষ্ট্রচিন্তার মূল ভিত্তি ছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রতি অনড় অবস্থান।
শনিবার ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত দ্বিতীয় বার্ষিক বাংলাদেশ এমপাওয়ার্ড কনফারেন্সে প্রয়াত রাষ্ট্রদূতের লেখা সংকলন ‘রিক্লেইমিং বাংলাদেশ: ডেমোক্রেসি, গভর্ন্যান্স অ্যান্ড নেশন বিল্ডিং’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনা করেছি এবং একই হলে থেকেছি। সিরাজুল ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। নিজের বিশ্বাস ও মতামত প্রকাশে তিনি কখনও দ্বিধা বা ভয় পাননি।’
তিনি আরও বলেন, তার লেখায় গণতন্ত্রে ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা স্পষ্ট ছিল এবং তিনি অত্যন্ত সাহসের সঙ্গে সেই চিন্তা প্রকাশ করেছেন। তার প্রতিটি লেখাই ছিল অত্যন্ত তীক্ষ্ণ ও স্পষ্ট।
রাজনৈতিক সংকটের এক কঠিন সময়ের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘যখন নিজেসহ দেশের একাধিক রাজনৈতিক নেতা কারাগারে ছিলেন, তখন সিরাজুল ইসলাম বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানুষের সংগ্রামের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানোর দায়িত্ব নেন। তিনি সফলভাবে সেই কঠিন দায়িত্ব পালন করেছিলেন।’

অনুষ্ঠানের সভাপতি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, তরুণ প্রজন্ম ও গবেষকদের জন্য বইটিতে সংকলিত রাষ্ট্রচিন্তা ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলো এক মূল্যবান দলিল হিসেবে কাজ করবে। সম্মেলনে স্কলারশিপ প্রদানসহ একটি বিশেষ একাডেমিক প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়।
নতুন প্রকাশিত এই বইটিতে সিরাজুল ইসলামের গণতন্ত্র, সুশাসন, রাষ্ট্র নির্মাণ এবং বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্ক নিয়ে নির্বাচিত লেখাগুলো স্থান পেয়েছে, যা বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক বাস্তবতার আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘বাংলাদেশ এমপাওয়ার্ড, ইনক’ ও ‘দ্য ঢাকা ফোরাম’-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই সম্মেলনে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, সাবেক অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী উপস্থিত ছিলেন।