তরুণদের ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত
আন্তর্জাতিক যুব দিবসের ওয়েবিনারে বক্তারা
ফাইল ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১৫:১০
বাংলাদেশে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত। এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর কর্মসূচির পাশাপাশি টেকসই অর্থায়ন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে মঙ্গলবার গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। ‘যুব সমাজে উচ্চ রক্তচাপ ঝুঁকি ও করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক এ ওয়েবিনারে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) সহায়তা করে। তরুণদের সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন ও গিভ বাংলাদেশ ছিল সহ-আয়োজক।
ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ। এসব রোগে ১৯ শতাংশ মৃত্যু অকালমৃত্যু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ ১০ রোগের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ।
বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে ২০১৮-এর তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৩৯ বছর বয়সী মানুষের প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত। বক্তারা বলেন, তরুণ বয়সে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে এ সংকট আরও প্রকট হতে পারে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, উচ্চ রক্তচাপজনিত অকালমৃত্যু কমাতে তৃণমূল পর্যায়ের সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। এ জন্য টেকসই অর্থায়ন প্রয়োজন। সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তুলতে এটি সবচেয়ে লাভজনক বিনিয়োগ হতে পারে।
ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা বলেন, গবেষণাভিত্তিক প্রতিকার ও প্রতিরোধমূলক পদক্ষেপের মাধ্যমে উচ্চ রক্তচাপ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
জিএইচএআইয়ের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, স্বাস্থ্য বাজেট বৃদ্ধি একটি ভালো পদক্ষেপ। বর্ধিত বাজেটের উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ মোকাবিলায় ব্যয় করা প্রয়োজন।
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সহসভাপতি ও ডেইলি সানের ডেপুটি এডিটর মোহাম্মদ আল আমিন বলেন, স্বাস্থ্য বাজেট ব্যবহারে সরকার যাতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেয়, সে ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ওয়েবিনারে আরও বক্তব্য দেন ভাইটাল স্ট্র্যাটেজিসের কনসালট্যান্ট আমিনুল ইসলাম সুজন। প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যুব সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
- বিষয় :
- উচ্চ রক্তচাপ
- ওয়েবিনার