ফলাফল জানা, তবুও তোড়জোড় ইসির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০৮:৩৪
| প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার করেননি। আগামীকাল বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের মধ্যে ভোটের লড়াই হচ্ছে। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় বিকেল ৪টার পর ব্রিফ করেন তিনি।
একই দিন সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তপশিলের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের কোনো বাধা রইল না। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ গত ১৩ আগস্ট রিটটি করেছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি তুলে ধরে ইসি সচিব বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। ভোট গ্রহণের তারিখ ও সময় বলেছি; পদ্ধতিও বলেছি। নির্বাচনে ভোটার হচ্ছেন ৩৪৯ জন সংসদ সদস্য। ৩৪৯টি ব্যালটই থাকবে। ভুল হওয়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে হয়তো বাড়তি কয়েকটা ব্যালট রাখা হবে।
আখতার আহমেদ জানান, সংসদ অধিবেশন কক্ষে স্বেচ্ছাসেবক হিসেবে তিনিসহ ২০ জন নির্বাচন সহায়ক কর্মকর্তা সংসদ সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেবেন। নিয়োজিত থাকবেন ব্যালট বিতরণের কাজে।
তিনি জানান, ব্যালট পেপার হবে সাদা রঙের ওপর কালো প্রিন্ট। ব্যালটের ডান পাশের অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যাক্ষর অনুযায়ী সাজানো হবে। প্রার্থীদের নামের ডানদিকের ফাঁকা জায়গায় সংসদ সদস্যরা তাদের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট দেবেন। এরপর ব্যালট বাক্সে ব্যালট পেপার জমা দেবেন। ভোট গ্রহণ শেষে বিকেল ৫টার পর ব্যালট গণনা করা হবে। প্রাপ্ত বৈধ ভোটের ফলাফল অনুযায়ী যিনি বেশি ভোট পাবেন তাঁকে নির্বাচন কর্তা প্রাথমিকভাবে সংসদ কক্ষেই বিজয়ী ঘোষণা করবেন। পরে ফলাফলের গেজেট দেওয়া হবে।
ফলাফল প্রকাশে কত সময় লাগতে পারে– এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, প্রাথমিকভাবে ফলাফল লিখিত আকারেই দেওয়া হবে। কাজেই এতে বেশি সময় লাগার কথা নয়।
গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আহমেদ অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তপশিল ঘোষণা করে ইসি। একক প্রার্থী না থাকায় ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে এবার ভোট গ্রহণ করা হবে।
- বিষয় :
- নির্বাচন