ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

গ্রামাঞ্চলে মোবাইল নেটওয়ার্ক বাড়ানোর তাগিদ

গ্রামাঞ্চলে মোবাইল নেটওয়ার্ক বাড়ানোর তাগিদ
×

ফকির মাহবুব আনাম

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ০৮:৫৮

| প্রিন্ট সংস্করণ

শহরকেন্দ্রিক নেটওয়ার্ক বিনিয়োগের পাশাপাশি গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল সেবা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ব্যবসায়িকভাবে শহরে বিনিয়োগ বেশি লাভজনক হলেও গ্রামের মানুষকে উন্নত মোবাইল সেবা থেকে বঞ্চিত রাখা যাবে না। প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক বিস্তারে অপারেটরদের আরও মনোযোগী হতে হবে। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে মোবাইল অপারেটর রবির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকাজুড়ে রবির নেটওয়ার্ক আধুনিকায়ন কার্যক্রম জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, শহরের তুলনায় গ্রামাঞ্চলে মোবাইল নেটওয়ার্কে বিনিয়োগে ব্যবসায়িক সুবিধা কম। এ কারণে অপারেটররা স্বাভাবিকভাবেই শহরকে বেশি গুরুত্ব দেয়। তবে গ্রামের মানুষকেও সমান মানের মোবাইল সেবা দিতে হবে। নিজের নির্বাচনী এলাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গ্রামে গেলে মানুষের হাতে রবির সিম তুলনামূলক কম দেখা যায়। তাই গ্রামাঞ্চলে নেটওয়ার্ক ও সেবার বিস্তৃতি বাড়াতে রবির প্রতি আহ্বান জানান তিনি। প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক বিস্তারে টাওয়ার শেয়ারিংয়ের সুযোগ কাজে লাগানোর কথাও বলেন মন্ত্রী। তিনি বলেন, একাধিক অপারেটর একই অবকাঠামো ব্যবহার করতে পারলে দুর্গম ও কম ঘনবসতিপূর্ণ এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণ সহজ হবে।

অনুষ্ঠানে রবির পক্ষ থেকে জানানো হয়, বৃহত্তর ঢাকায় তিন মাসে চার হাজার ৮০০টির বেশি সাইট আধুনিকায়ন করা হয়েছে। গাজীপুর, সাভার, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জও এই কার্যক্রমের আওতায় রয়েছে। আধুনিকায়নের পর বিভিন্ন এলাকায় গ্রাহক অভিজ্ঞতা সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে। কল ড্রপ কমেছে ২০ শতাংশ। ঢাকা ও গাজীপুরে ঘরের ভেতরের নেটওয়ার্ক কাভারেজও আগের তুলনায় তিনগুণ হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। তবে নেটওয়ার্ক আধুনিকায়নের পরও সব এলাকায় কাঙ্ক্ষিত মানের সেবা নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা। এর অন্যতম কারণ হিসেবে নতুন সাইট স্থাপনের জন্য জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ার কথা উল্লেখ করেন তিনি। 
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, টেলিযোগাযোগ খাতে প্রতিযোগিতার ক্ষেত্রে এখন সেবার মান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গ্রাহক ভালো সেবা পেলে তা পুরো খাতের জন্য ইতিবাচক। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, মাত্র তিন মাসে প্রায় পাঁচ হাজার সাইটে কাজ শেষ করা বড় অর্জন। ডিজিটাল বৈষম্য কমাতে এ ধরনের উদ্যোগ প্রয়োজন।
 

আরও পড়ুন

×