বিক্ষোভ সমাবেশে সিপিবি নেতারা
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিণতি সরকারকেই ভোগ করতে হবে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০৩:২২
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলের নেতারা বলেছেন, সারাদেশে হত্যা, ডাকাতি, ছিনতাই, চুরি, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, মব তৎপরতা, চাঁদাবাজি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো অপরাধ ও দুর্বৃত্তায়ন কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হলে তার রাজনৈতিক ও সামাজিক পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে সিপিবি আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের নেতারা এসব কথা বলেন। রংপুরে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যা, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর এবং দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক কর্মকাণ্ড, এমনকি নৌকাবাইচ অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য লাকি আক্তারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে সিপিবি নেতারা আরও বলেন, জনগণের নিরাপত্তা, মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা ও সংস্কৃতিচর্চার অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থতার কোনো অজুহাত জনগণ মেনে নেবে না।
সমাবেশ থেকে রংপুরের গণপতি চক্রবর্তী পরিবারের হত্যাসহ সকল হত্যা ও ধর্ষণ এবং ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা, ভাঙচুরের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানানো হয়।
একই সঙ্গে দেশের সকল সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ ঐতিহ্যের আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকের সাংস্কৃতিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি জানানো হয়।
- বিষয় :
- আইনশৃঙ্খলা পরিস্থিতি