নামের পাশে ‘ক্রস’, হৃদয় ভাঙল টিটির হৃদয়ের
ফাইল ছবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৫:১০
সবকিছু ঠিকই ছিল। উজবেকিস্তানের তাসখন্দে যাওয়ার জন্য ছেলে মুহতাসিন আহমেদ হৃদয়কে বিদায় জানাতে শনিবার মেট্রোস্টেশন পর্যন্ত এসেছিলেন মা। কিন্তু ঢাকা ছাড়া হয়নি হৃদয়ের। উজবেকিস্তানের তাসখন্দে ২৯তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দলের অন্য খেলোয়াড়রা যেতে পারলেও টেবিল টেনিসের এক নম্বর তারকা হৃদয়কে ফিরতে হয়েছে বিমানবন্দর থেকে। অন-অ্যারাইভাল ভিসা থাকা সত্ত্বেও তাসখন্দ থেকে পাঠানো একটি চিঠিতে তাঁর নামের পাশে ‘ক্রস চিহ্ন’ থাকায় বোর্ডিং পাস দেওয়ার পরও তাঁর যাত্রা বাতিল করা হয়।
১৯ থেকে ২৫ অক্টোবর তাসখন্দে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে শনিবার রাতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচ বিমানবন্দরে যান। ফেডারেশন থেকে তিনজন পুরুষ ও তিনজন নারী খেলোয়াড় এবং কোচ আলীসহ মোট সাতজন বিমানবন্দরে গিয়েছিলেন। তাদের মধ্যে সোনাম সুলতানা সোমা ও মৌরা তাসখন্দের বিমানে উঠতে পারলেও যেতে পারেননি হৃদয়। এটি নিয়ে সামাজিক মাধ্যমে নিজের হতাশার কথা জানান হৃদয়।
তিনি লেখেন, ‘কয়েক দিন ধরে যারা আমার লেখা পড়ছেন, তারা হয়তো বুঝতে পারছেন যে আমি আমার পেশাগত জীবনের একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আজও আরেকটি কঠিন দিন গেল। এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে উজবেকিস্তান যাওয়ার উদ্দেশ্যে আমি বিমানবন্দরে এসেছিলাম। দলের সঙ্গে যেতে পারব– এই আশায় তিন ঘণ্টা অপেক্ষা করলাম। শেষ পর্যন্ত আমার আর যাওয়া হলো না।’
তিনি আরও লেখেন, ‘আজ (শনিবার) সকালেই আমার মা আমাকে বিদায় জানাতে মেট্রোস্টেশনে এসেছিলেন। আমি তাসখন্দের উদ্দেশে রওনা দিয়েছিলাম, দেশের প্রতিনিধিত্ব করব এই ভেবে। আর এখন আমি একা একা বাড়ি ফিরে যাচ্ছি। এই অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এই মুহূর্তে আমি জানিই না যে এশিয়ান চ্যাম্পিয়নশিপে আদৌ খেলতে পারব কিনা।’
- বিষয় :
- টেবিল টেনিস ফেডারেশন