ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

গুলারের কনুইয়ের আঘাত নিয়ে এত আলোচনা কেন, প্রশ্ন মরিনহোর

গুলারের কনুইয়ের আঘাত নিয়ে এত আলোচনা কেন, প্রশ্ন মরিনহোর
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৫:৩৯

সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে বড় এই জয়ের চেয়ে বেশি আলোচনা হচ্ছে আরদা গুলারের একটি বিতর্কিত ঘটনাকে ঘিরে। প্রতিপক্ষের খেলোয়াড় পেকে ফার্নান্দেজকে কনুই দিয়ে আঘাত করেও লাল কার্ড না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন তুর্কি মিডফিল্ডার। বিষয়টি নিয়ে প্রতিপক্ষ কোচ লুইস গার্সিয়ার ক্ষোভের কারণ বুঝতে পারলেও এ নিয়ে অতিরিক্ত আলোচনা মেনে নিতে পারছেন না হোসে মরিনহো।

ম্যাচের ২২তম মিনিটে ফার্নান্দেজকে কনুই দিয়ে আঘাত করেন গুলার। তখন দুই দলের কেউই গোল পায়নি। ওই ঘটনার কয়েক মিনিট পরই গোল করে রিয়ালকে এগিয়ে দেন তুর্কি মিডফিল্ডার। সেভিয়া কোচ গার্সিয়ার দাবি, গুলারকে লাল কার্ড দেখানো উচিত ছিল। সে ক্ষেত্রে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হতো রিয়ালকে।

ম্যাচ শেষে গার্সিয়া বলেন, ‘২৫ মিনিট থেকেই আমাদের ১১ জনের বিপক্ষে ১০ জন নিয়ে খেলার কথা ছিল। এরপর ম্যাচ নিয়ে আর কিছু বলার নেই। এটা অবিশ্বাস্য। আমি নিজের চোখে দেখেছি। বিরতির সময় পেকে বলছিল, “সে আমাকে মেরেছে।” এটি লাল কার্ডের ঘটনা।’

সেভিয়া কোচের মতে, ওই সিদ্ধান্তের কারণে ম্যাচের চিত্র বদলে যাওয়ার সুযোগ ছিল। তিনি বলেন, ‘হয়তো আমরা এমনিতেও জিততাম না। কিন্তু আমাদের তো ৬৫ মিনিট ধরে ১১ জনের বিপক্ষে ১০ জন নিয়ে খেলার কথা ছিল। ম্যাচের সারসংক্ষেপ এটুকুই।’

তবে গুলারের বিরুদ্ধে ওঠা অভিযোগের পক্ষে স্পষ্ট প্রমাণ দেখতে পাননি বলে দাবি করেছেন মরিনহো। তার ভাষ্য, ঘটনার ভিডিও ফুটেজ ও ট্যাকটিক্যাল ক্যামেরার ছবি খুঁজেও তিনি এমন কিছু পাননি, যা সেভিয়া কোচের অভিযোগকে নিশ্চিত করে। রিয়াল কোচ বলেন, ‘তারা যা ঘটেছে বলে দাবি করছে, তার কোনো ছবি আমাকে দেখাতে পারেনি। আমি টিভি ফুটেজ চেয়েছি, আমার স্টাফদের কাছেও ট্যাকটিক্যাল ক্যামেরার ছবি চেয়েছি। কিন্তু লুইসকে যে ঘটনা ক্ষুব্ধ করেছে, তার কোনো ছবিই আমি দেখিনি।’

মরিনহো আরও বলেন, ‘কোনো ঘটনা আমাদের পক্ষে গেলে তা স্বীকার করতে আমার সমস্যা নেই। তবে আমি মনে করি, উল্টো ঘটনাই আরও অনেকবার ঘটবে। শনিবার পর্যন্ত যদি কেউ স্পষ্ট ও বস্তুনিষ্ঠ কোনো ছবি বা ফুটেজ দেখাতে পারে, তাহলে আমি এ নিয়ে কথা বলব। তার আগে নয়।’

প্রতিপক্ষ কোচের ক্ষোভের কারণও ব্যাখ্যা করেছেন পর্তুগিজ এই কোচ। তার মতে, ৪-১ গোলে হারের পর গার্সিয়া বিতর্কিত ঘটনাটিকে সামনে আনছেন। মরিনহো বলেন, ‘লুইসের বিষয়টি আমি বুঝতে পারছি। তার দল ৪-১ গোলে হেরেছে। এমন কোনো বিষয় নিয়ে চার-পাঁচটি প্রশ্ন খুঁজে পাওয়া তার জন্য চমৎকার, যা ঘটেছে বলে দাবি করা হচ্ছে, কিন্তু আমি দেখিনি।’

সাংবাদিকদের উদ্দেশেও প্রশ্ন ছুড়ে দেন মরিনহো, ‘আপনাদের কেউ কি ঘটনাটি পরিষ্কারভাবে দেখেছেন? এ কারণেই বিষয়টি নিয়ে এত বাড়াবাড়ি কেন হচ্ছে, তা বুঝতে পারছি না।’

আরও পড়ুন

×