রিলস বানিয়ে জীবন চলে না, কাজ চেয়ে অভিনেত্রীর আক্ষেপ
অনিতা কানওয়াল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৫:২০ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ | ১৬:০৯
তিন দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন ভারতের প্রবীণ অভিনেত্রী অনিতা কানওয়াল। ‘চাণক্য’, ‘বনেগি আপনি বাত’ ও ‘সসুরাল গেন্দা ফুল’-এর মতো জনপ্রিয় টিভি ধারাবাহিকের পাশাপাশি অভিনয় করেছেন ‘কাভি হাঁ কাভি না’, ‘লাওয়ারিস’-এর মতো সিনেমায়। অথচ দীর্ঘ অভিনয়জীবনের পর এখন কাজের অভাবে আর্থিক অনিশ্চয়তায় ভুগছেন এই অভিনেত্রী।
তাঁর দাবি, এভাবে চলতে থাকলে এক বছরের মধ্যে শেষ হয়ে যেতে পারে তাঁর জমানো অর্থ। তাই জরুরি ভিত্তিতে কাজ খুঁজছেন তিনি।
সম্প্রতি ভিকি লালওয়ানির সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন অনিতা। তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে কখনো অডিশন দিয়ে কাজ পেতে হয়নি তাকে। অভিনয়দক্ষতার ভিত্তিতে কাজের সুযোগ পেয়েছেন। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে।
অনিতা বলেন, ‘কেউ আমাকে নিজের পরিচয় দিতে বললে সমস্যা নেই। কিন্তু যখন জানতে চায়, আমি আগে কী কী কাজ করেছি, তখন বিষয়টি আমার কাছে অদ্ভুত লাগে। জীবনে ৫০ থেকে ৬০টি ধারাবাহিকে কাজ করেছি। অথচ এখনো আমাকে ২১ বছর বয়সী চরিত্রের জন্য কাস্টিংয়ের প্রস্তাব পাঠানো হয়। কারণ, কাকে বার্তা পাঠানো হচ্ছে, সেটাই তারা জানে না।’
অভিনয়শিল্পীদের কাজ পাওয়ার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করেন অনিতা। এ কারণে ইনস্টাগ্রামে অনুসারী বাড়ানোর চেষ্টা করছেন তিনি। নিয়মিত যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়াতে দিনে দুবার করে পোস্টও দিচ্ছেন।
তবে অনিতার মতে, শুধু রিলস তৈরি করে একজন অভিনয়শিল্পীর জীবিকা নির্বাহ করা সম্ভব নয়। অভিনয় তার পেশা, আর এ পেশা থেকে আয় করতে চান তিনি।
নিজের আর্থিক পরিস্থিতি তুলে ধরে অনিতা বলেন, ‘আমার আয় করা প্রয়োজন। আরও ১০ থেকে ১২ বছর বেঁচে থাকলে কীভাবে চলব? আমার বাড়িটি একমাত্র সম্পদ। এক বছরের মধ্যে আমার সঞ্চয় শেষ হয়ে যাবে। এ কারণেই আমার কাজ দরকার।’
সন্তানেরা তাকে আর্থিকভাবে সহায়তা করতে চাইলেও তাদের কাছ থেকে টাকা নিতে চান না অনিতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সন্তানেরা আমাকে অর্থ দিতে চায়। কিন্তু আমি তাদের কাছ থেকে টাকা নিতে চাই না। আমি এমন অবস্থানে থাকতে চাই, যেখান থেকে বরং তাদের কিছু দিতে পারব। সন্তানদের কাছ থেকে টাকা নিয়ে আমি খুশি হতে পারব না।’
১৯৯১ সালে ‘চাণক্য’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু করেন অনিতা কানওয়াল। ১৯৯৫ সালে জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘বনেগি আপনি বাত’-এ মিসেস শেঠ চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। পরে ‘শান্তি’, ‘সোনপরি’, ‘সসুরাল গেন্দা ফুল’, ‘গুস্তাখ দিল’ ও ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।
১৯৯৩ সালে ‘গীতাঞ্জলি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর শাহরুখ খান অভিনীত ‘কভি হাঁ কভি না’, ‘মুঝসে দোস্তি করোগে!’, ‘না তুম জানো না হাম’ ও ‘গঙ্গাজল’-এর মতো সিনেমায় দেখা গেছে তাঁকে।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছিলেন অনিতা। ২০০২ সালে নিজের প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। ওই সংস্থা থেকে ‘গুঞ্জ অতীত কি’ ধারাবাহিকটি প্রযোজনা করেন। সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে ২০২৪ সালের সিরিজ ‘রাইজিংহানি ভার্সেস রাইজিংহানি’ এবং ২০২১ সালের অ্যান্থলজি সিনেমা ‘আজিব দাস্তানস’। দীর্ঘ ক্যারিয়ারে বহু কাজের অভিজ্ঞতা থাকলেও এখন নতুন কাজের অপেক্ষায় দিন কাটছে এই অভিনেত্রীর। সূত্র: এনডিটিভি