প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ সিএমপি কমিশনারের
সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৭:১৩
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শিথিলতা না রাখার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। সফর নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
সিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে হবে। প্রত্যেককে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। নিরাপত্তা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বজায় রাখার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। দায়িত্ব পালনে অবহেলার কোনো সুযোগ নেই।
ব্রিফিং প্যারেডে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (সদর) ফেরদৌস আলী চৌধুরী, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপপুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- সফর
- চট্টগ্রাম