ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

হারিয়ে যাওয়া সময়ের স্মৃতিই সবচেয়ে বেশি মধুর: মিম

হারিয়ে যাওয়া সময়ের স্মৃতিই সবচেয়ে বেশি মধুর: মিম
×
×

বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৬:৩২ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ | ১৬:৪৫

শৈশবের পূজা মানেই নতুন জামা, পরিবারের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে আড্ডা আর পছন্দের সব খাবার খাওয়া। সময়ের সঙ্গে বদলেছে জীবনের ব্যস্ততা, বদলেছে উৎসব উদ্‌যাপনের ধরনও। তবু পুরোনো দিনের সেই আনন্দ যেন আজও স্মৃতির পাতায় অমলিন। মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের কাছেও দুর্গাপূজা ফিরে ফিরে আসে শৈশবের সেই মধুর স্মৃতি নিয়ে।

মিম সমকালকে বলেন, ‘হারিয়ে যাওয়া সময়ের স্মৃতিই যেন সবচেয়ে বেশি মধুর। ছোটবেলায় পরিবারের সদস্যদের সঙ্গে নতুন পোশাক পরে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে বেড়ানো, দেবী দুর্গার কাছে সবার মঙ্গল কামনা, পছন্দের খাবার খাওয়া আর বন্ধুদের সঙ্গে নাচ-গানে মেতে ওঠা—সব মিলিয়ে পূজা ছিল আনন্দের এক অন্য রকম উপলক্ষ।’

সেই দিনগুলোর কথা মনে করে মিম বলেন, ‘শৈশব ও কৈশোরের পূজার আনন্দ এখন শুধুই স্মৃতি। যদিও এখনো পূজার প্রতিটি দিন নতুন সাজে বের হন তিনি, তবু আগের মতো সেই আনন্দ আর ফিরে পাওয়া হয় না। তাই ষষ্ঠী থেকে দশমী—প্রতিটি দিনেই পুরোনো দিনের আনন্দের কিছুটা খুঁজে নিতে চান এই অভিনেত্রী। দেবীর কাছে তাঁর প্রার্থনা, সবার মঙ্গল হোক, আগামীর দিনগুলো হয়ে উঠুক আরও সুন্দর।’

এবারও পূজার শুরুতে তার সাজপোশাক ও পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো নজর কেড়েছে। প্রিয়জনদের সঙ্গে ঘোরাঘুরি, উৎসবের আমেজ আর হাসিমুখের ছবিতে ধরা পড়েছে তার ব্যক্তিগত জীবনের আনন্দঘন সময়। কর্মব্যস্ততার বাইরে পরিবারের সঙ্গে এমন সময় কাটানোর মুহূর্তগুলোই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী।

বাংলাদেশের মডেল ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ বিদ্যা সিনহা সাহা মিম। ২০০৭সালে 'লাক্স-চ্যানেল আই সুপারস্টার' প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে বিনোদন জগতে তার যাত্রা শুরু হয়। কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। ব্যক্তিগত জীবনে ২০২২ সালের শুরুতে ব্যবসায়ী সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিম।

আরও পড়ুন

×