ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রোগ নিয়ন্ত্রণে খাবারের প্যাকেটে স্পষ্ট সতর্কবার্তার তাগিদ

রোগ নিয়ন্ত্রণে খাবারের প্যাকেটে স্পষ্ট সতর্কবার্তার তাগিদ
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০৮:৫১

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ক্ষতিকর চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবার গ্রহণের প্রবণতা ক্রমেই বাড়ছে। একই সঙ্গে বাড়ছে খাদ্যজনিত বিভিন্ন অসংক্রামক রোগ। এ পরিস্থিতিতে খাদ্যের প্যাকেটে স্পষ্ট সতর্কবার্তা বা ‘ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল)’ চালু করা অসংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

বিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘বাংলাদেশে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল): প্রয়োজনীয়তা, অগ্রগতি ও করণীয়’ শীর্ষক দুই দিনব্যাপী সাংবাদিক কর্মশালায় গতকাল মঙ্গলবার এসব বিষয় তুলে ধরেন বক্তারা। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত এ কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় কর্মরত ২৬ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় বক্তারা জানান, বাংলাদেশে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগের কারণে ৭১ শতাংশ মৃত্যু হয়। এসব রোগের অন্যতম কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। বর্তমানে খাদ্যের প্যাকেটের পেছনে ছোট অক্ষরে লেখা জটিল পুষ্টি তথ্য বোঝা এবং খাবারের পুষ্টিগুণ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা নেওয়া ভোক্তার জন্য কঠিন। খাদ্যজনিত অসংক্রামক রোগ মোকাবিলায় অতি-প্রক্রিয়াজাত খাবারের মোড়কের সামনের অংশে স্পষ্ট ও সহজে বোধগম্য সতর্কবার্তা বা এফওপিএল চালু করা কার্যকর উপায় হতে পারে।
অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, খসড়া প্রবিধানমালাটি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ে রয়েছে। সব প্রক্রিয়া শেষে এটি দ্রুতই চূড়ান্ত হবে বলে আমরা আশাবাদী।

ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আবু আহমেদ শামীম বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে এফওপিএল একটি বিজ্ঞানসম্মত উপায়। এটি ভোক্তাকে সহজেই অতি-প্রক্রিয়াজাত খাবারের স্বাস্থ্যঝুঁকি বুঝতে সাহায্য করবে।
জিএইচএআইর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, অসংক্রামক রোগে মৃত্যু এক-তৃতীয়াংশ কমিয়ে আনা-সংক্রান্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এফওপিএল প্রবিধানমালা দ্রুত চূড়ান্তকরণ ও বাস্তবায়ন জরুরি।

কর্মশালায় চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, অসংক্রামক রোগ মোকাবিলায় এফওপিএলের কার্যকারিতা তুলে ধরে গণমাধ্যমে নিয়মিত আলোচনা ও বিশ্লেষণ খসড়া প্রবিধানমালা চূড়ান্তকরণের পথ সুগম করবে।
কর্মশালায় আলোচক হিসেবে আরও ছিলেন অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) কো-কনভেনর মিজান চৌধুরী এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সামনে বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার এবং প্রোগ্রাম অফিসার শবনম মোস্তফা।

আরও পড়ুন

×