ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বিপিআইসিসির কর্মশালা 

পোল্ট্রি উৎপাদনে সরকারি নজরদারি বাড়ানোর তাগিদ

পোল্ট্রি উৎপাদনে সরকারি নজরদারি বাড়ানোর তাগিদ
×

রাজধানীতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) আয়োজিত কর্মশালা ও ব্রেইনস্টর্মিং সেশন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১৩:০১

ব্রয়লার মুরগি পালনে অ্যান্টিবায়োটিক ও হরমোনের ব্যবহার নিয়ে ভোক্তাদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ ও সংশয় দূর করতে সময়োপযোগী নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে খামার থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত পোল্ট্রি উৎপাদনের প্রতিটি ধাপে সরকারি নজরদারি বাড়ানোর তাগিদ এসেছে।

দেশের পোল্ট্রি খাতকে নিরাপদ, টেকসই ও জনস্বাস্থ্যবান্ধব করার লক্ষ্যে গত শনিবার রাজধানীতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) আয়োজিত কর্মশালা ও ব্রেইনস্টর্মিং সেশনে এসব বিষয় উঠে আসে।

কর্মশালায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমদাদুল হক চৌধুরীর গবেষণার উপাত্তের ভিত্তিতে ফিড, পানি ও ব্রয়লার মাংসে অ্যান্টিবায়োটিক ও হরমোনের উপস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নিরাপদ ও মানসম্মত পোল্ট্রি উৎপাদনের উপায় নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

কর্মশালার পর চারটি দলে ভাগ হয়ে ব্রেইনস্টর্মিং সেশনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পোল্ট্রি বিজ্ঞানী ও গবেষক, ব্যবসায়ী এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ও ব্র্যাকের কর্মকর্তারা। এসব সেশনে ব্রয়লার মাংস নিয়ে জনসচেতনতা বৃদ্ধি, অ্যান্টিবায়োটিক ও হরমোনের ব্যবহার নিয়ন্ত্রণ এবং উৎপাদন ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, খামারি পর্যায়ে অ্যান্টিবায়োটিকের অযাচিত ব্যবহার নিয়ন্ত্রণ এবং নিরাপদ উৎপাদন পদ্ধতি অনুসরণ করা জরুরি। একই সঙ্গে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে নিয়মিত পরীক্ষা ও নজরদারি প্রয়োজন। এ জন্য ফিড মিল, খামার, প্রক্রিয়াজাতকরণ ও খুচরা বাজারে সরকারি নিয়ন্ত্রণ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় পোল্ট্রি খাতের প্রচলিত লাইভ মার্কেট বা জীবন্ত মুরগি বিক্রির ব্যবস্থা ধাপে ধাপে কমিয়ে স্বাস্থ্যসম্মত ও আধুনিক বাজারব্যবস্থা গড়ে তোলার প্রস্তাবও উঠে আসে। সংশ্লিষ্টদের মতে, এতে মাংসের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবস্থায় স্বাস্থ্যবিধি মানা সহজ হবে।

আরও পড়ুন

×