বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষকি উপলক্ষে মঙ্গলবার সিলেট নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২০
| প্রিন্ট সংস্করণ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেট নগরীসহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে সিলেট নগরীতে বিশেষ র্যালি করেছে মহানগর বিএনপি। রেজিস্ট্রারি মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় মন্ত্রী বলেন, বিএনপির মূল কাজ একটাই–সবকিছুর আগে বাংলাদেশ। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সবার ওপরে রেখে কাজ করে যেতে হবে।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।
এদিকে মাধবপুরে বিশেষ এই দিবস উপলক্ষে সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তবে এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অর্থনৈতিক মুক্তির প্রতীক।
সৈয়দ ফয়সল আরও বলেন, বিএনপির নেতৃত্বে জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ ছাড়া কুলাউড়া আয়োজিত অনুষ্ঠানে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি শওকতুল ইসলাম শকু বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি কোনো অন্যায়ে বিশ্বাসী নয়। সুশৃঙ্খল রাজনীতিতে বিশ্বাসী। এ দেশে যতবারই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বিএনপির নেতৃত্বেই হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে কুলাউড়া উপজেলা বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিপরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
- বিষয় :
- বিএনপি