অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি-ভিডিও থেকে নেওয়া
বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ২০:১১
অনলাইন ব্যবসা যথাযথভাবে নিয়ন্ত্রণ ও তদারকির জন্য ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার। এই কর্তৃপক্ষ গঠিত হলে নিবন্ধিত মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিগুলোর কার্যক্রম আরও কঠোরভাবে নজরদারির আওতায় আনা হবে।
বুধবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়। শেরপুর-১ আসনের বিরোধীদলীয় সদস্য এম রাশেদুল ইসলাম রাশেদের উত্থাপিত নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারির আগে ও পরে দেশে অনলাইন ব্যবসা দ্রুত সম্প্রসারিত হয়েছে। এ খাতকে আইনি কাঠামোর আওতায় আনতে বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় ডিজিটাল কমার্স নীতি, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা এবং ডিজিটাল বিজনেস আইডেন্টিটি নিবন্ধন নির্দেশিকাসহ বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করেছে।
ই-ভ্যালি, ই-অরেঞ্জ, কিউ-কম, ধামাকা শপিং ও আলিশা মার্টসহ কয়েকটি অনলাইন প্রতিষ্ঠানের আর্থিক প্রতারণার অভিযোগের প্রসঙ্গ তুলে মন্ত্রী জানান, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি আর্থিক প্রতারণার অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগে দাবির পরিমাণ প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা।
তিনি জানান, ২০২২ সাল পর্যন্ত অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি ও নিবন্ধনের জন্য কোনো আইনগত কর্তৃপক্ষ ছিল না। পরে ডিজিটাল বিজনেস আইডেন্টিটি নিবন্ধন নির্দেশিকা জারি করে অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিবন্ধনের দায়িত্ব যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরকে (আরজেএসসি) দেওয়া হয়। এ পর্যন্ত আরজেএসসি প্রায় ১ হাজার ৯০২টি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ডিজিটাল নিবন্ধন দিয়েছে।
অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগের পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসব প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৩১ কোটি টাকা উদ্ধার করেছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এর মধ্যে ৪৭২ কোটি টাকা ইতোমধ্যে প্রকৃত ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে। বাকি অর্থ যাচাই-বাছাই শেষে প্রকৃত ভোক্তাদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান তিনি।