ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সব নির্বাচনে সংবাদ সংগ্রহে অনলাইনে কার্ড দেবে ইসি

সব নির্বাচনে সংবাদ সংগ্রহে অনলাইনে কার্ড দেবে ইসি
×

নির্বাচন ভবন

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৫

জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সব নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের অনলাইনে কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য নির্বাচনসংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসিসহ (আরএফইডি) অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। 

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা একটি কমিটি গঠন করে দিয়েছি। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তারা প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বৈঠকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেকাংশে স্বাধীন সাংবাদিকতার ওপর নির্ভর করে। অতীতে অনেক অপেশাদার ব্যক্তি ও দলীয় নেতাকর্মী সাংবাদিকের কার্ড নিয়েছেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য একটি স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন। নির্বাচন কমিশনের নতুন উদ্যোগে পেশাদার সাংবাদিকরা যাতে যথাযথভাবে কার্ড পান, সে বিষয়ে তাঁরা অনুরোধ জানিয়েছেন।

ইসি সূত্র জানায়, নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কার্ড দেওয়ার প্রক্রিয়াটি এবার আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমের বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে সফটওয়্যার তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে কোনো ধরনের ট্রায়াল ছাড়াই অনলাইনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। এ জন্য তড়িঘড়ি করে একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছিল। কিন্তু ওই ওয়েবসাইটে আবেদন করার পর প্রায় ১৪ হাজার সাংবাদিকের তথ্য উন্মুক্ত হয়ে পড়ে।

এ ঘটনায় গণমাধ্যমের আপত্তি ও দেশব্যাপী সমালোচনার মুখে অনলাইনে কার্ড দেওয়ার ওই প্রক্রিয়া থেকে সরে আসে কমিশন। এবার আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে নিরাপদ ও কার্যকর সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে ইসি।

এর আগে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অংশীজনদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন, ইসির অতিরিক্ত সচিব সামসুল আলম, আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল, সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×