ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষামন্ত্রী জানালেন

জুলাই অভ্যুত্থানের বিষয়বস্তু পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে

জুলাই অভ্যুত্থানের বিষয়বস্তু পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে
×

এহছানুল হক মিলন

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৬

| প্রিন্ট সংস্করণ

আগামী শিক্ষাবর্ষ থেকে জুলাই অভ্যুত্থানের বিষয়বস্তু পাঠ্যপুস্তুকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।
সংরক্ষিত আসনের রোকেয়া বেগমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান, জুলাই-আগস্ট মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংঘটিত গণহত্যা এবং শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী শাসনের বিভিন্ন দিক সম্পর্কে একাধিক বিষয়বস্তু পাঠ্যপুস্তকে শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি উপযোগী করে জুলাই গণঅভ্যুত্থানের কারণ, ঘটনাপ্রবাহ, গণহত্যা, শহীদদের আত্মত্যাগ, নারীদের ভূমিকা এবং গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হবে। এ ছাড়া নবম-দশম শ্রেণির ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ পাঠ্যপুস্তকে আওয়ামী লীগের শাসনামলের গুম, গণহত্যা, অর্থ পাচার, নির্বাচনব্যবস্থা ধ্বংস, পিলখানা ট্র্যাজেডি, সাংবাদিক হত্যা ও গণমাধ্যমে হস্তক্ষেপের মতো বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পাঠ্যপুস্তকে এসব বিষয় অধ্যয়ন করার সুযোগ পাবে।

প্রাথমিকে অফিস সহকারী নিয়োগের প্রস্তাব
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী নিয়োগের প্রস্তাবনা রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী না থাকায় শিক্ষকদের ওপর দাপ্তরিক কাজের চাপ পড়ে। তাই প্রতিটি বিদ্যালয়ে একজন অফিস সহকারী নিয়োগের প্রস্তাবনা রয়েছে। পিইডিপি-৫ অনুমোদন সাপেক্ষে এ প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে।
শিক্ষার্থীদের মানসিক, নৈতিক ও সৃজনশীল বিকাশের লক্ষ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত ধর্মীয় শিক্ষা, চারুকলা এবং সংগীত চর্চা বাধ্যতামূলকভাবে চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান।

মাদ্রাসায় ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা
মৌলভীবাজার-২ আসনের মো. শওকতুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের এসইডিপি কর্মসূচির আওতায় আগামী ২০২৬-২০৩১ সময়ে দেশের সব মাদ্রাসায় মিড ডে মিল চালু করা হবে। ওই কর্মসূচিতে ইবতেদায়ি মাদ্রাসাও অন্তর্ভুক্ত।

নিয়োগে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে জ্যেষ্ঠতা, উচ্চতর একাডেমিক যোগ্যতা ও প্রশাসনিক অভিজ্ঞতাকে পাশ কাটিয়ে কেবল রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়ার বক্তব্য তথ্যভিত্তিক নয়। গতকাল সংসদের বৈঠকে জামায়াতে ইসলামীর সদস্য নূরুল ইসলাম বুলবুলের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

×