প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ টিএমটিই সদস্য সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস
বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৪৪
প্রাথমিক শিক্ষায় শুধু পড়া ও লেখার ওপর নির্ভর না করে ভাষা শেখার চারটি মৌলিক দক্ষতায় সমান গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীদের শ্রবণ (লিসেনিং) ও কথন (স্পিকিং) দক্ষতা অর্জনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বুধবার রাজধানীর ঢাকা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে ‘বাংলাদেশ টিএমটিই (ট্রেনিং অব মাস্টার ট্রেনার্স ইন ইংলিশ) সদস্য সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, ভাষা শিক্ষার চারটি মৌলিক দক্ষতা হলো- শুনে বোঝা, বলে প্রকাশ করা, পড়ে বোঝা এবং লিখে প্রকাশ করা। প্রাথমিক পর্যায়ে শুনে বোঝার দক্ষতা গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন কারিকুলামে শুনে বোঝা, সঠিকভাবে কথা বলা এবং নিজের ভাব প্রকাশের দক্ষতা তৈরিতে প্রয়োজনীয় অনুশীলন ও কার্যক্রম রাখা হবে।
তিনি বলেন, বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞানে শিক্ষার্থীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে ভাষাগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। শুধু সাক্ষরতার হার বাড়ালেই প্রকৃত শিক্ষিত সমাজ গঠন সম্ভব নয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা হবে সবার মৌলিক অধিকার এবং তা মানুষের দ্বারে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে শিক্ষাকে দক্ষতাভিত্তিক, ক্যারিয়ারমুখী ও নৈতিকতাসম্পন্ন করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে ভাষাশিক্ষাকে শিক্ষাব্যবস্থার অন্যতম প্রধান উপাদান হিসেবে নিতে হবে।
শ্রেণিকক্ষে শুধু পাঠ্যবইনির্ভর পাঠদানের পরিবর্তে আধুনিক শিক্ষণ-উপকরণ ব্যবহারের ওপর গুরুত্ব দেন ববি হাজ্জাজ। তিনি বলেন, ভিডিও, ওয়ার্কবুক, ডিজিটাল কনটেন্ট ও খেলাধুলার মাধ্যমে পাঠদান আরও আনন্দময় করতে শিক্ষকদের নতুন প্রস্তাব নিয়ে আসতে হবে। সরকার ফলাফলনির্ভর, সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক নীতিগত পরিবর্তন আনতে বদ্ধপরিকর।
টিএমটিই বাংলাদেশের প্রধান সমন্বয়ক রিয়াজ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উপপরিচালক মারিয়া রেহমান।
অনুষ্ঠানে টিএমটিই বাংলাদেশের সদস্যসহ শিক্ষা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- প্রাথমিক শিক্ষা
- ববি হাজ্জাজ