ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অনুকূল পরিবেশের অপেক্ষায় ঢাকা দিল্লিও বলছে তাড়াহুড়ো নয়

প্রধানমন্ত্রীর ভারত সফর

অনুকূল পরিবেশের অপেক্ষায় ঢাকা দিল্লিও বলছে তাড়াহুড়ো নয়
×
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৯ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০৯

| প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লি দুপক্ষই আশাবাদী। তবে সফরের আগে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দিচ্ছে ঢাকা। দিল্লিও বলছে, সফর নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই। দুই দেশের সরকারপ্রধানের জন্য সুবিধাজনক সময় হলেই সফর হবে।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর এটি প্রতিমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের প্রথম সাক্ষাৎ। বৈঠক শেষে দুজন পৃথকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্কে চ্যালেঞ্জ রয়েছে। আলোচনার মাধ্যমেই সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব। প্রধানমন্ত্রীর সফরের জন্য সহায়ক পরিবেশ তৈরি হলে তারিখ ও সময় নিয়ে আলোচনা হবে। 
দীনেশ ত্রিবেদী বলেন, সফর নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই, ভারতের আমন্ত্রণ খোলা রয়েছে। দুই দেশেরই কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। তবে কাজ এগিয়ে চলছে বলে জানান তিনি।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনার ভারতে অবস্থান, তাঁকে ফেরত পাঠানোর দাবি, সীমান্ত ও পানি বণ্টনসহ বিভিন্ন ইস্যুতে ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সম্পর্ক পুনর্গঠনের আলোচনা শুরু হয়। ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও জানানো হয়। আগস্টে সম্ভাব্য সফরটি হয়নি। পরে ব্রিকস সম্মেলনে বিমসটেকের চেয়ার হিসেবে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি সম্মেলনে যাননি। 

আরও পড়ুন

×