ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নতুন গবেষণা সংস্থা ‘কেএইচআই’ এর সভাপতি গোলাম মোয়াজ্জেম 

নতুন গবেষণা সংস্থা ‘কেএইচআই’ এর সভাপতি গোলাম মোয়াজ্জেম 
×
×

ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৭:৪১

বিশিষ্ট অর্থনীতিবিদ, নীতিবিশ্লেষক ও উন্নয়ন গবেষক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের (কেএইচআই) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার থেকে তার এ দায়িত্ব কার্যকর হয়েছে। কেএইচআই –এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

নলেজ হাব ইনস্টিটিউটে যোগ দেওয়ার আগে ড. গোলাম মোয়াজ্জেম দীর্ঘদিন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি গবেষণা কর্মসূচির নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীজনের সঙ্গে নীতি সংলাপ ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখেন। সিপিডিতে দীর্ঘ কর্মজীবনে তার নেতৃত্বে বিভিন্ন গবেষণা ও নীতি সংলাপ পরিচালিত হয়েছে, যা দেশের অর্থনৈতিক ও উন্নয়ন নীতির বিভিন্ন বিষয়ে আলোচনায় অবদান রেখেছে।

নলেজ হাব ইনস্টিটিউট একটি গবেষণা ও নীতিনির্ধারণমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মূল ক্ষেত্র চারটি—পরিচ্ছন্ন জ্বালানি, সামষ্টিক অর্থনীতি ও সরকারি অর্থ ব্যবস্থাপনা, অর্থ ও ব্যাংকিং এবং কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন। এসব ক্ষেত্রে গবেষণা, নীতি উদ্ভাবন, জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন ও নীতিনির্ধারণে অবদান রাখাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

অর্থনৈতিক গবেষণা, সরকারি নীতি ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে ড. মোয়াজ্জেমের দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। শিল্প উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, বেসরকারি খাতের প্রতিযোগিতা সক্ষমতা, জ্বালানি রূপান্তর, সামাজিক সুরক্ষা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তিনি গবেষণা ও নীতি আলোচনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ড. মোয়াজ্জেম জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে অঞ্চলভিত্তিক অধ্যয়ন বিষয়ে পিএইচডি করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার গবেষণা ও পেশাগত কাজের ক্ষেত্রের মধ্যে রয়েছে উৎপাদনশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, শ্রম অধিকার ও কর্মসংস্থান, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি রূপান্তর, আন্তর্জাতিক বাণিজ্য, বেসরকারি বিনিয়োগ এবং সামাজিক সুরক্ষা।

ড. মোয়াজ্জেম সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন পরামর্শক ও পরামর্শমূলক কার্যক্রমে যুক্ত। এসব দায়িত্বের মাধ্যমে বিভিন্ন খাতে নীতি প্রণয়ন, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে অবদান রেখেছেন।

নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি হিসেবে ড. মোয়াজ্জেম প্রতিষ্ঠানের কৌশলগত অগ্রাধিকার, গবেষণা কর্মসূচি, অংশীদারত্ব ও জনসম্পৃক্ততা কার্যক্রমে নেতৃত্ব দেবেন। তার অভিজ্ঞতা ও গবেষণা দক্ষতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটির গবেষণা সক্ষমতা, নীতি সংলাপ এবং জ্ঞানভিত্তিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের নিয়োগকে নলেজ হাব ইনস্টিটিউটের বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে ট্রাস্টি বোর্ড, ব্যবস্থাপনা, গবেষক ও কর্মকর্তারা তাঁকে স্বাগত জানিয়েছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি গবেষণা, নীতি সংলাপ, জ্ঞান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

আরও পড়ুন

×