ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থীদের ক্লাবের নতুন অফিস উদ্বোধন
ডিইউ ওল্ড স্টুডেন্টস ক্লাব লিমিটেডের নতুন অফিস উদ্বোধন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ২৩:২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ডিইউ ওল্ড স্টুডেন্টস ক্লাব লিমিটেডের নতুন অফিস উদ্বোধন করেছেন হা-মীম গ্রুপের কর্ণধার এ. কে. আজাদ। তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। শনিবার রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ক্লাবটির নতুন অফিস উদ্বোধন করেন। পরে তাঁকে ক্লাবটির প্রধান পৃষ্ঠপোষক ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের জন্য একটি ক্লাব প্রতিষ্ঠার প্রয়োজনীতা উল্লেখ করে এ. কে. আজাদ বলেন, ক্লাবটি প্রতিষ্ঠায় যারা এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের সাবেক সব শিক্ষার্থীকে সম্মিলিতভাবে এর উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান তিনি।
এ সময় ক্লাবের জন্য একটি ফ্ল্যাট, ক্যান্টিন এবং পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন এ. কে. আজাদ।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মো. মাফুজুর রহমান ক্লাবটিকে রাজনীতিকীকরণ না করার আহ্বান জানান। এ সময় তিনি অর্থনৈতিক বিষয়গুলো স্বচ্ছতার সঙ্গে পরিচালনার পরামর্শ দেন।
শুরুতে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আশরাফুল হক মুকুল উপস্থিত অতিথি ও সদস্যদের স্বাগত জানান। বক্তব্যে তিনি ক্লাব প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরে সংগঠনটিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাহফুজা রহমান চৌধুরী। এ সময় প্রতিষ্ঠাতা সদস্য মো. রেজাউল করিম, শেখ সালাউদ্দিন আহমেদ, ড. তাপস চন্দ্র পালসহ ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- এ. কে. আজাদ