ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

যুদ্ধের প্রভাব

চাকরি হারাচ্ছেন প্রবাসীরা শ্রমবাজার খুঁজছে সরকার

চাকরি হারাচ্ছেন প্রবাসীরা শ্রমবাজার খুঁজছে সরকার
×
×

ছবি-সংগৃহীত

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ০৮:১৯ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ | ১০:১২

| প্রিন্ট সংস্করণ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে চাকরি হারাচ্ছেন বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা। অনেকে চাকরিহীন অবস্থায় সেখানে দিন কাটাচ্ছেন, আবার অনেকে বাধ্য হয়ে দেশে ফিরেছেন। এতে সাময়িকভাবে রেমিট্যান্সপ্রবাহে প্রভাব পড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় দেশে ফেরা শ্রমিকদের পুনর্বাসন এবং নতুন শ্রমবাজার খুঁজতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে সরকার।

গতকাল সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলনায়তনে সেমিনারে এসব কথা বলেন। সেমিনারের শিরোনাম ছিল ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিকনির্ণয়ের পথরেখা’। প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যেসব প্রবাসী চাকরি হারিয়ে দেশে ফিরেছেন, তাদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকার কাজ করছে। 

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথাও তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উৎস খুঁজছেন সরকারের বিশেষ প্রতিনিধিরা। এ লক্ষ্যে জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানে দ্বিপক্ষীয় জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। জ্বালানি মন্ত্রণালয়ের প্রস্তুতি ও পরিকল্পনার কারণে বড় ধরনের সমস্যা হবে না বলে সরকার আশা করছে। 

সৌদির পাশে বাংলাদেশ
সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনায় দেশটির সরকার ও জনগণের প্রতি সংহতি জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সৌদির পাশে রয়েছে বাংলাদেশ। হামলা বন্ধে প্রধানমন্ত্রী সৌদির ক্রাউন প্রিন্সকে চিঠি দিয়েছেন। মক্কা ও মদিনার নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, পবিত্র দুই স্থানের ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না, সহায়তার হাত বাড়িয়ে দেবে।

ভারতের পরিস্থিতি অভ্যন্তরীণ বিষয়
ভারতে চলমান আন্দোলন নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি দেশটির অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে বাংলাদেশের নতুন করে মূল্যায়ন বা মন্তব্য নেই। ভারত নিজেই পরিস্থিতি মোকাবিলা করবে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের ওপর গুরুত্ব দেন তিনি।

ইউরোপে দক্ষ কর্মীদের সুযোগ চান
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিবাসন ও স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনারের সঙ্গে গতকাল বৈঠক করেছেন শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে চাহিদাভিত্তিক কর্মসূচির মাধ্যমে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×