সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও জাতীয় শক্তি: ডিসি ফরিদা
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৮:২৬
সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও জাতীয় শক্তি বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। তিনি বলেছেন, বাংলাদেশে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করে আসছেন। এই সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সোমবার বিকেলে সাভার পৌরসভার পঞ্চবটি আশ্রম সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ফরিদা খানম বলেন, ঢাকা জেলায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট সব দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, প্রত্যেক ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দের সঙ্গে পালন করতে পারেন, সেটিই প্রশাসনের মূল লক্ষ্য। উৎসবের পরিবেশ বিঘ্নিত করতে কেউ নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তা মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য বরদাশত করা হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক করে জেলা প্রশাসক বলেন, কোথাও সন্দেহজনক পরিস্থিতি কিংবা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যে বিভ্রান্ত না হয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
ফরিদা খানম আরও বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য, মানবিকতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। পূজারী, দর্শনার্থী, আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় উৎসবের আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরসহ জেলায় মোট ১ হাজার ১২৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে দোহার উপজেলায় ৪২টি, নবাবগঞ্জে ২০১টি, কেরানীগঞ্জে ১৫৩টি, ধামরাইয়ে ২৩৫টি, সাভারে ২৩৮টি এবং ঢাকা মহানগরে ২৫৮টি পূজামণ্ডপ রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন, ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।
- বিষয় :
- ডিসি
- ঢাকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি